২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সব কারাগারে রেড অ্যালার্ট

দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম। সোমবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের সার্বিক পরিস্থিতির কারণে সব কারাগারে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 05:14 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম। সোমবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের সার্বিক পরিস্থিতির কারণে সব কারাগারে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।" নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় দেশের ৬৭ টি কারাগারের সবগুলোর ভেতর-বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২১ অক্টোবর কারা মহাপরিদর্শকের দপ্তর থেকে এক আদেশে কারাগারে রেড অ্যালার্ট জারি করতে বলা হয়। এ অনুযায়ী আমরা পরদিন থেকেই সবোর্চ্চ সতর্কাবস্থা নেই।" গত ২১ শে অক্টোবর রাতে সরকারদলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপসের ওপর হামলার পর সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয় সরকার। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বোমা হামলা করা হয়েছে- এ অভিযোগ এনে পর দিন মামলা করেন তাপস। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা না হলেও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের স্বজন ও সহযোগীরা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করা হয়। এরপর তাপসের মামলায় শনিবার বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসামি আব্দুর রশিদের মেয়ে খন্দকার মেহনাজ রশিদ, আরেক আসামি শরিফুল হক ডালিমের ভাই কামরুল হক স্বপন এবং ফ্রিডম পার্টির সদস্য আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। আদালতের অনুমতি নিয়ে গোয়েন্দা পুলিশ ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি তাপসের বাবা ও মাকেও হত্যা করা হয়। তাপসের বাবা শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধুর ভাগ্নে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাপসের বাবা শেখ ফজলুল হক মনি এবং মা আরজু মনিকেও হত্যা করা হয়। সুপ্রিম কোর্টে বর্তমানে বঙ্গবন্ধু মামলার যে আপিল শুনানি চলছে, তাতে ব্যারিস্টার তাপস রাষ্ট্রপক্ষের একজন কৌঁসুলি। বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ১২ আসামীর মধ্যে পাঁচজন বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন। এরা হলেন অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, বরখাস্ত লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি) ও লে. কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় খুলনা জেলা কারাগারে সোমবার রেড অ্যালার্ট জারি করে ভিতর-বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা। জেলা কারা তত্ত্বাবধায়ক মো. শাহ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "কারাগারে জঙ্গিদের হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসএইচ/২৩০৮ ঘ.