হবিগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডাকাতির মাল নেওয়ার সময় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার এলাকা থেকে সোমবার সকালে দুটি ট্রাকসহ আন্ত:জেলা ডাকাতদলের ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দুটি ট্রাকে করে তারা দুটি সিএনজিচালিত অটোরিকশা এবং ১১টি গরু নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) ড. আক্কাস উদ্দিন জানান, সকালে ঢাকা অভিমুখী দুটি ট্রাককে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার কিবরিয়া স্কোয়ারে থামার নির্দেশ দেয় টহলরত পুলিশ। কিন্তু তারা পুলিশের নির্দেশ উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ পিছু ধাওয়া করে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে তাদের পাকড়াও করে।
আটককৃতরা হলেন- নিসার আলী (৪০), আরিফ মিয়া (৪৫), সফর আলী (২৮), মঈন উদ্দিন (৪৫), জাকারিয়া আহমদ (২৬), আল আমিন (২৫), মাহমুদ মিয়া (২৪), বাছির মিয়া (৩০), মনির মিয়া (২৪), আব্দুল মজিদ (২৮), শফিকুল ইসলাম (২৫), মঈনুল হক (৩২), আল আমিন (২৪) ও আকদ্দস মিয়া (২৫)।
এসপি জানান, গ্রেপ্তারকৃতদের গোপলার বাজার পুলিশ ফাঁড়িতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছেন, বাছির মিয়ার নামে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা রয়েছে।
খবর পেয়ে হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জিল্লুর রহমান ও নবীগঞ্জ থানার ওসি মশিউর রহমান ঘটনাস্থলে যান।
মুন্সীগঞ্জে ডাকাতের হামলায়
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঝাউটিয়া গ্রামে রোববার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।
আহত চারুবালা দাস (৭০), ময়না রানী দাস (২২) ও অরুন দাস (৩৮) স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গৃহকর্তা গদাধর দাস (৮৫) ও তার ছেলে গোপাল দাসকে (৩৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লৌহজং থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই পদ্মায় অপেক্ষারত ট্রলারে করে ডাকাতদল মাদারীপুরের জাজিরার দিকে পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24