চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় বাঙলা সম্মিলন অনুষ্ঠানের নিবন্ধন শুরু হয়েছে।
এ ব্যাপারে সোমবার নগরীর ইসলামাবাদী মেমোরিয়াল হলে প্রাক্তন ছাত্র জাহান আখতার হোসাইনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আগ্রহীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করাএবং বাঙলা সম্মিলনের একটি ওয়েবসাইট খোলার সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন চবি বাংলা বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলন পরিষদের কবি অভিক ওসমান, কবি বিশ্বজিৎ চৌধুরী, কবি জিন্নাহ চৌধুরী, অধ্যাপিকা সাইয়েদা জয়নাব, হাসনাহেনা, এলিজাবেথ আলিজা, ফেরদৌস আরা বেগম, খালেদা আক্তার প্রমুখ।
আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় একই স্থানে বাঙলা সম্মিলনের একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। আগ্রহীদের এতে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এইচএ/২১৫৭ ঘ.
bdnews24