ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শীত মৌসুমে বিদ্যমান সময়সূচি কোনও সমস্যা সৃষ্টি করবে না বলে মন্তব্য করেছেন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক।
সোমবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, "আপাতত ঘড়ির কাটা আগের অবস্থানে ফিরিয়ে নেবার কোনও পরিকল্পনা সরকারের নেই। বিদ্যমান সময়সূচিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের কোনও সমস্যা হবে না।"
ছয় দিনব্যাপী 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জিওসাইন্স ফর গ্লোবাল ডেভেলপমেন্ট (জিওডেভ)" এর উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, "বিদ্যমান সময়সূচি শীতের সময় কোনও সমস্যা সৃষ্টি করবে না। দেশের মানুষ আস্তে আস্তে এতে অভ্যস্ত হয়ে পড়বে। আগে ঘুমিয়ে, আগে উঠবে।"
তিনি আরও বলেন, "সরকার আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে বিদ্যমান সময়সূচি পরির্বতন করা হবে না। এখানে সুবিধা-অসুবিধার প্রশ্ন নয়, প্রশ্ন অভ্যস্থতার। কোন একটা সিদ্ধান্ত নিয়ে সেটা পরিবর্তনের ঝাঁপিয়ে পড়া ঠিক হবে না। কিছু দিন দেখা যাক। তারপর ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়া যাবে।"
গত ১ জুন মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎসঙ্কট মোকাবেলায় সূর্যালোকের ব্যবহার বাড়াতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত হয়। ১৯ জুন রাত ১১টায় রাজউকের ঘড়ি আনুষ্ঠানিকভাবে এক ঘন্টা এগিয়ে এনে রাত ১২টা করা হয়।
এ সময় আনুষ্ঠানিকভাবে জানানো হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা অব্যাহত থাকবে। তবে শীত মৌসুমকে সামনে রেখে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছিলো, ১ অক্টোবর থেকে আগের সময়সূচিতে ফিরে যাওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৌফিক-ই-ইলাহী চৌধুরী সম্মেলন বিষয়ে বলেন, "এটা একটা ভালো উদ্যোগ। এই কনফারেন্স থেকে বাংলাদেশের খনিজ সম্পদ ব্যবস্থাপনা, বিশেষ করে কয়লা অনুসন্ধান সম্পর্কে পরামর্শ দিলে আমরা লাভবান হবো। এছাড়া আবহাওয়া পরির্বতন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা পাওয়া যাবে।"
ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জিওসাইন্স ফর গ্লোবাল ডেভেলপমেন্ট (জিওডেভ)-এর যৌথভাবে আয়োজন করেছে অ্যাসেসিয়েশন অব জিওসাইন্স ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (এজিআইডি), বাংলাদেশ জিওলজিক্যাল সোসাইটি (বিজিএস), জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ (জিএসবি), ইন্টারন্যাশনাল জিওসাইন্স এডুকেশন অরগানাইজেশন (আইজিইও) এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব জিওলজিক্যাল সাইন্স (আইইউজিএস)।
কনফারেন্সে বিশ্বের ৩৫ টি দেশের প্রতিনিধি এতে অংশ নিচ্ছে। এতে দেশগুলোর ভূ-তাত্ত্বিক গবেষকরা তাদের গবেষনার বিষয়বস্তু তুলে ধরবেন।
এ ছাড়াও সারা বিশ্বের পরিবেশ বিপর্যয়সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় নিয়েও গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানের সদস্য সচিব ও জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ (জিএসবি)-এর সভাপতি সিরাজুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই কনফারেন্সে বাংলাদশসহ সারা বিশ্বের ভূমিকম্প, বন্যা, খরা, ভূমিধ্বসসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে আলোচনা করা হবে।
এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আহরণ বিষয়েও গবেষণাপত্র উপস্থাপন করা হবে বলেও তিনি জানান।
সিরাজুল ইসলাম খান বলেন, "কনফারেন্স থেকে পাওয়া বিভিন্ন তথ্য নিয়ে একটা সুপারিশমালা তৈরি করা হবে। ওই সুপারিশমালা সরকারকে দেওয়া হবে।"
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মহসিন, আইইউজিএস-এর প্রেসিডেন্ট অধ্যাপক আলবারতো সি. রিকার্ডি, এজিআইডি-এর সেক্রেটারী জেনারেল এ জে রিডম্যান, আইজিইও-এর ফাইন্ডার চেয়ারপারসন অধ্যাপক ক্রিস কিং এবং সম্মেলনের কনভেনর আফিয়া আক্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএইচ/২০১৫ ঘ.
bdnews24