২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমীরের বৈঠক সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানীর সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ও বিনিয়োগ বাড়ানোসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় প্রাধান্য পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 07:58 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, ২৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানীর সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ও বিনিয়োগ বাড়ানোসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় প্রাধান্য পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ। তিনি রোববার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। আবুল কালাম আজাদ আরও জানান, কাতারের আমীরের আমন্ত্রণে শেখ হাসিনা এ সফর করছেন। সোমবার সকালে তিনি কাতারে বাংলাদেশী স্কুল পরিদর্শন করবেন। এছাড়া রাতে কাতারের প্রধানমন্ত্রী হামাদ বিন জসীম বিন জাবীর আল-থানির সঙ্গেও বৈঠক করবেন হাসিনা। এর আগে সকালে প্রধানমন্ত্রী সুইডেনের রাজধানী স্টকহোম থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দোহার উদ্দেশে রওনা দেন। আগামী মঙ্গলবার দোহা থেকে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ডে-২০০৯ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ অক্টোবর স্টকহোম যান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপি দলীয় সাংসদ আবদুল মোমিন তালুকদার ও রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও সচিব মিজারুল কায়েস কাতারে শেখ হাসিনার সঙ্গে তার সফরসঙ্গী হিসেবে যোগ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এসএইচ/০১৩৮ ঘ.