সিলেট, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদ্য নিষিদ্ধ করা ইসলামপন্থী সংগঠন হিযবুত তাহরীরের সিলেট কার্যালয়ের সকল মালামাল জব্দ করেছে পুলিশ।
রোববার দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সিলেট নগরীর দরগা গেইট এলাকার জালালাবাদ ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ের চতুর্থ তলায় হিযবুত তাহরীর'র সিলেট কার্যালয়ে অভিযান চালায় কোতয়ালি থানা পুলিশ।
পুলিশ কার্যালয়টি থেকে বই, লিফলেট ও ব্যানার জব্দ করে।
কোতয়ালি থানার ওসি সৈয়দুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানকালে কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ছোট বড় ১০টি কোরআন শরীফ, নয়টি ইসলামী বই, ১৮৩টি হিযবুত তাহরীরের নিজেদের প্রকাশনার থেকে বের করা বই, ৭৫টি ছোট-বড়ো ব্যানার এবং এক হাজার লিফলেট জব্দ করা হয়েছে।
তিনি জানান, সিলেটে সংগঠনটির নেতাকর্মীদের ওপর পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।
ওসি জানান, বৃহস্পতিবার হিযবুত তাহরীর নিষিদ্ধ ঘোষণার পর সিলেট কার্যালয়ে গিয়ে দেখা যায় তালা ঝুলানো। ভবনের মালিক জানিয়েছেন কার্যালয়ের দায়িত্বে থাকা ডা.সামসুজ্জামানের সঙ্গে ভাড়ার চুক্তি বাতিল করেছেন তিনি। একইদিন তিনি কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৫ ঘ.
bdnews24