২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হেরোইন ও ইয়াবাসহ পাঁচজন আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া চেকপোস্ট থেকে যাত্রীবাহী বাস ও চাঁদের গাড়ি (জিপ) থেকে রোববার সকালে এক কেজি ২৫০ গ্রাম হেরোইন এবং ৫০৫টি ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 10:46 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

কক্সবাজার, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া চেকপোস্ট থেকে যাত্রীবাহী বাস ও চাঁদের গাড়ি (জিপ) থেকে রোববার সকালে এক কেজি ২৫০ গ্রাম হেরোইন এবং ৫০৫টি ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে বিডিআর। আটককৃতরা হলেন- শ্যামলী পরিবহনের বাসচালক পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকার আবুল বাশার (৩৯), সুপারভাইজার বরিশালের ভাটিয়াখালীর নাঈমুল হক (৪৬) এবং বরিশালের প্রতাপপুরের সুমন চন্দ্র দাস (৩১)। ইয়াবা পাচারের অভিযোগে চাঁদের গাড়ির চালকের সহকারী মোহাম্মদ শাকের (১৮) ও যাত্রী ফয়েজুল ইসলামকে আটক করা হয়। ৪২ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা (অপস) মেজর আবু নাঈম খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া চেকপোস্টে বিডিআর সদস্যরা সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালায়। বাসের ছাদে একটি পুটলিতে বাঁধা অবস্থায় এক কেজি ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য প্রায় এক কোটি ১০ লাখ টাকা বলে বিডিআর কর্মকর্তা জানান। অন্যদিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে টেকনাফ শহরগামী চাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই গাড়ীর যাত্রী ফয়েজুল ইসলামের সিটের নিচ থেকে ওই ট্যাবলেট উদ্ধার করা হয়। মেজর আবু নাঈম খন্দকার জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩২ ঘ.