ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর ১৫ মাসেও রামপুরার ব্যবসায়ী মো. তুষার ইসলাম টিটুর (২৭) খোঁজ মেলেনি বলে মানবাধিকার সংস্থা 'অধিকার' এক তদন্ত প্রতিবেদনে জানিয়েছে।
এতে বলা হয়েছে, অনেক চেষ্টা করেও তার পরিবার টিটুর কোন খোঁজ বের করতে পারেননি।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে র্যাব-৩ এর সদস্য পরিচয়ে টিটুর আটকের বিষয়টি অধিকার নিশ্চিত হলেও তারা আটকের কথা অস্বীকার করছে বলেও এতে উল্লেখ করা হয়।
'অধিকার' তাদের অনুসন্ধানী প্রতিবেদনটি শনিবার প্রকাশ করে।
এ প্রসঙ্গে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার কাছে এ বিষয়ে কোন তথ্য নেই। তারা (অধিকার বা টিটু'র পরিবার) যদি আমার কাছে অভিযোগ জানায়, তবে তদন্ত করে ব্যবস্থা নেবো।"
তদন্ত প্রতিবেদনে বলা হয়, টিটুর পরিবারের অভিযোগের ভিত্তিতে মানবাধিকার সংগঠন 'অধিকার' অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া বাজার থেকে গত বছরের ২২ জুলাই ঢাকার র্যাব-৩ এর সদস্যরা আটক করে।
আটকের সময় টিটুর সঙ্গে থাকা তার ভাই মো. কবিরুল ইসলাম মানিক প্রত্যক্ষদর্শী বেলকুচির রফিকুল ইসলাম, সেখানকার মকবুল স্টোরের মালিক মকবুল হোসেন (ওই দোকানে কেনাকাটার সময় টিটুকে আটক করা হয়), দুটি মটর সাইকেলের মালিক ফারুক সরকার ও হাজী আশরাফ (তাদের কাছ থেকে মটর সাইকেল ধার করে টিটুকে নিয়ে যাওয়া হয়), সিরাজগঞ্জের বেলকুচি থানার এসআই আসলাম, যাদের সুপারিশে পথে আটকের পরে র্যাব সদস্যদের ছেড়ে দেওয়া হয়, সেই র্যাব-১২ এর ক্যাপ্টেন হাবিবের সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে অধিকারের প্রতিবেদনে।
টিটুর বোন শাহানাজ আক্তার সোমা অধিকারকে জানান, টিটু একজন কাপড় ব্যবসায়ী ও স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গ্রাম থেকে কাপড় কিনে ঢাকায় বিক্রির কারণে তাকে প্রায়ই সিরাজগঞ্জের জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া গ্রামের সাতলাঠি পাড়ায় গ্রামের বাড়িতে গিয়ে থাকতে হতো।
সোমাকে উদ্ধৃত করে অধিকারের প্রতিবেদনে বলা হয়, ২২ জুলাই ধুকুরিয়া বেড়া বাজার থেকে র্যাব-৩ এর সদস্য পরিচয় দিয়ে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি টিটুকে নিয়ে যায়। তাদের সঙ্গে কোন গাড়ি না থাকায় তারা স্থানীয় দুই ব্যক্তির মটরসাইকেল ধার করে নিয়ে যান। কিন্তু স্থানীয় থানায় কোনরকম নথিভুক্ত না করেই তারা টিটুকে ওই মটরসাইকেলে করেই ঢাকায় নিয়ে যান।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, পথে পুলিশের চেকপোস্টে আটকানো হলে ঢাকায় ও র্যাব-১২ থেকে তাদের পরিচয় নিশ্চিতের পরে ছেড়ে দেওয়া হয়।
কিন্তু এরপর থেকে টিটুর বিষয়ে র্যাব-৩ কার্যালয়ে পরিবারের সদস্যরা ও অধিকারের তদন্ত টিম যোগাযোগ করলে এ বিষয়ে তাদের কিছু জানা নেই বলে র্যাব জানায়। র্যাবের কর্মকর্তারা টিটুকে গ্রেফতার বা আটকের কথা সম্পূর্ণ অস্বীকার করেন অধিকার জানিয়েছে।
অনুসন্ধানী প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, যে দুটি মটর সাইকেলে করে ধুকুরিয়া বেড়া বাজার থেকে টিটুকে নিয়ে আসা হয়েছিল, সেগুলোর মালিকদের যোগাযোগের জন্যে দুটি মোবাইল ফোন নাম্বার দেয় র্যাবের অভিযুক্ত সদস্যরা। তবে তারা ওই নম্বরে ফোন করে মটরসাইকেল ফেরত চাইলে ২৩ জুলাই একটি সাদা পিকআপে করে র্যাবের পোশাক পরিহিত চারজন মটর সাইকেল দুটি দিয়ে যায়।
ওই সময় র্যাব-৩ এর ডিএডি মোখলেছুর রহমান সিরাজগঞ্জের বেলকুচি থানায় একটি জিডি করে মোটর সাইকেল দু'টি জমা দিয়ে যান বলেও সংশ্লিষ্ট থানার একজন কর্মকর্তার উদ্ধৃতি প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, টিটুকে নিয়ে যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে পুলিশ সদস্যরা র্যাব সদস্যসহ মটরসাইকেল দুটি থামানো হয়। তবে এ সময় পুলিশ ঢাকায় ও র্যাব-১২ তে যোগাযোগ করে তাদের র্যাব পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয় বলে র্যাব -১২ এর ক্যাপ্টেন হাবিব অধিকারকে জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
র্যাবের হাতে আটক হওয়ার পর টিটু এক বছরের বেশি সময় ধরে নিখোঁজ হওয়ার ঘটনায় অধিকার উদ্বেগ প্রকাশ করেছে।
এর আগে ২০০৭ সালের ১ ডিসেম্বর বরিশাল থেকে শফিক উল্লাহ নয়নকে র্যাবের আইডি কার্ড প্রদর্শন ধরে নিয়ে যান। পরবর্তী সময়ে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চেয়ে বাংলাদেশে মানবাধিকার কমিশন পুলিশ ও র্যাবকে চিঠি দিলেও তারা কোন সদুত্তর পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/০১৩৮ ঘ.
bdnews24