২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএফসিমুক্ত ইনহেলার ব্যবহারে জাতীয় প্রচারণা শুক্রবার থেকে

পরিবেশের জন্য ক্ষতিকর ক্লোরোফ্লোরোকার্বন (সিএফসি) যুক্ত ইনহেলার ব্যবহার বন্ধ এবং সিএফসি মুক্ত ইনহেলারের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে দেশব্যাপী জাতীয় প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুক্রবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশের জন্য ক্ষতিকর ক্লোরোফ্লোরোকার্বন (সিএফসি) যুক্ত ইনহেলার ব্যবহার বন্ধ এবং সিএফসি মুক্ত ইনহেলারের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে দেশব্যাপী জাতীয় প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুক্রবার শুরু হচ্ছে। পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ ফুসফুস ফাউন্ডেশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ইউএনডিপি বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেন, দেশে বর্তমানে হাঁপানি রোগির সংখ্যা ৭০ লাখের মতো। তিনবছরের বেশি সময় ধরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তাদের জন্য সিএফসিমুক্ত ইনহেলার তৈরি করছে। তিনি বলেন, "সিএফসি মানুষের দেহের জন্য ক্ষতিকর না হলেও পরিবেশের জন্য ক্ষতিকর। এ কারণেই সিএফসিমুক্ত ইনহেলার ব্যবহারের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে এ প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।" শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে রাষ্ট্রপতি জিল্লুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক ও বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি চিকিৎসক ও বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/২২৩৪ঘ.