চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকলামপুর গ্রামের একটি আম বাগান থেকে বুধবার সন্ধ্যায় পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে র্যাব।
তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আহসানুল হক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাবের একটি দল সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চকলামপুর গ্রামে অভিযান চালায়।
র্যাব সদস্যরা গ্রামের আবুল কালামের বাড়ির পাশে আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করে। রাতে সদর থানায় বোমাগুলো হস্তান্তর করা হয়।
ওসি জানান, বোমাগুলো কৌটা দিয়ে তৈরি এবং টেপ মোড়ানো। এগুলো পানিভর্তি বালতি রাখা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24