ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
পাশাপাশি এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল হবে না, আগামী ৪ সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
বিএনপি নেতা জিয়ার আবেদনে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন তার কৌঁসুলি টিএইচ খান। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল ।
আদেশের পর কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিয়াউল হকের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে আদালত।"
দুর্নীতি দমন কমিশন গত বছরের ১৪ ফেব্র"য়ারি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় মামলাটি দায়ের করে। মামলায় জিয়ার বিরুদ্ধে সরকারি প্রকল্পের ৩২০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ আনা হয়।
জিয়াউল হক লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাংসদ ছিলেন।
গত ১৯ আগস্ট বিচারিক আদালত এ মামলায় জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে জিয়া হাইকোর্টে আবেদন করেন।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর থেকে জিয়া বিদেশ ছিলেন। দেশে ফেরার কয়েকদিন পর গত ১৮ ফেব্র"য়ারি তাকে রাজধানী থেকে গ্রেপ্তার হয়।
জিয়া কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত। অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি মামলায় তার ১৩ বছর, কর ফাঁকির মামলায় ৮ বছর এবং ঘুষের একটি মামলায় তার ১০ বছর সাজা হয়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জিয়ার অনুপস্থিতিতেই মামলাগুলোর রায় হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১২২০ ঘ.
bdnews24