২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত ভৈরব জেলা: কটিয়াদীতে হরতাল, নিকলীতে বিক্ষোভ

প্রস্তাবিত ভৈরব জেলায় না যাওয়ার জন্য কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বুধবার অর্ধদিবস হরতাল পালন করেছে এলাকাবাসী। নিকলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কটিয়াদীতে সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত হরতাল চলাকালে ব্যাংক-বীমা, অফিস-আদালত, দোকানপাট ও সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 05:20 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত ভৈরব জেলায় না যাওয়ার জন্য কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বুধবার অর্ধদিবস হরতাল পালন করেছে এলাকাবাসী। নিকলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কটিয়াদীতে সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত হরতাল চলাকালে ব্যাংক-বীমা, অফিস-আদালত, দোকানপাট ও সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে সকাল থেকে একাধিক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ জনতা কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বিভিন্ন অংশে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ কারণে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে। এর ফলে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া, গচিহাটা ও মানিকখালী রেল স্টেশনে কয়েক হাজার জনতা জড়ো হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্ধু এক্সপ্রেস, চট্টগ্রাম মেইল ও ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেন একঘণ্টা আটকা পড়ে বলে কিশোরগঞ্জের স্টেশন মাস্টার মো. আক্তারুজ্জামান জানান। হরতাল শেষে কটিয়াদী বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আকবর, পৌর মেয়র তফাজ্জল হোসেন খান, কাউন্সিলর নূরুল ইসলাম, হাবিবুর রহমান, আশরাফুল হক সজল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল ওয়াসেক, উপজেলা যুবদল সভাপতি ফুলু মিয়া, সাংবাদিক সমিতির সভাপতি বেনী মাধব ঘোষ প্রমুখ। বক্তারা প্রস্তাবিত ভৈরব জেলায় কটিয়াদী উপজেলাকে না রাখার দাবি জানান। অন্যথায়, আরও কঠোর কর্মসূচির হুমকি দেন। একই কারণে নিকলী উপজেলা সদরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান। দুপুরে নিকলী উপজেলা রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদের একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এক সমাবেশ করে। সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, "ভৈরব জেলা হোক, কিন্তু নিকলীকে বাদ দিতে হবে। কারণ, নিকলী থেকে কিশোরগঞ্জের দূরত্ব ২৬ কিলোমিটার এবং ভৈরব থেকে নিকলীর দূরত্ব ৭০ কিলোমিটার।" সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসহাক ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াজুল হক আয়াজ প্রমুখ। এদিকে বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী খান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, সকালে উপজেলা সদরে তারা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। আগামীকাল আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/২৩১২ ঘ.