ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আদালতে নগ্ন হস্তক্ষেপ করছে- বিএনপি'র এই অভিযোগকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেন, "সরকার আদালতের ওপর হস্তক্ষেপ করছে বলে বিএনপি যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন। বিএনপি'র এই বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।"
বুধবার বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
গত ১৯ অক্টোবর কোর্ট আইনজীবী সমিতিতে এক সংবাদ সম্মেলনে প্রবীণ আইনজীবী টি এইচ খান বলেন, "সরকার আদালতে নগ্ন হস্তক্ষেপ করছে।"
এছাড়া রিমান্ডে নিয়ে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগও করেন তিনি।
এর প্রতিবাদে বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চার দিনের প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করে।
এর আগের দিন নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "সরকার স্বাধীন বিচার বিভাগের বিচারকদের ওপর খবরদারি করছে।"
এসব অভিযোগ সম্পর্কে শফিক আহমেদ বলেন, "প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নতুন বিচারপতিদের নিয়োগ দিয়েছেন। এখানে সরকারের হস্তক্ষেপের কোনও সুযোগ নেই। সরকারের বিরুদ্ধে বিএনপি যে অভিযোগ এনেছে তার কোনও ভিত্তি নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএনএস/এইচএ/২২২৫ ঘ.
bdnews24