ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংক ঢাকায় নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে এলেন গোল্ডস্টেইনকে নিয়োগ দিয়েছে। আগামী ৯ অথবা ১০ ডিসেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
বুধবার বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মেহেরিন এম মাহবুব বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
গোল্ডস্টেইন ২০০৭ সাল পর্যন্ত তিন বছরের জন্য বুরকিনা ফাসো- এ বিশ্বব্যাংকের আবাসিক ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। এর পর আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় আবাসিক প্রতিনিধির দায়িত্বও পালন করেন। সর্বশেষ তিনি আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালকের দায়িত্বে ছিলেন।
গোল্ডস্টেইন ঢাকায় শিয়েন ঝু'র স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত দ্বিতীয় নারী। তার আগে ক্রিস্টিন আই ওয়ালিক ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের প্রথম নারী আবাসিক প্রতিনিধি ছিলেন।
গত জুন মাসে শিয়েন ঢাকা থেকে বিদায় নেন। এরপর থেকে রবার্ট এল ফ্লয়েড ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমআই/১৮৪৯ ঘ.
bdnews24