ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বুধবার হাইকোর্টে থেকে জামিন নিয়েছেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী।
বিচারপতি এএফএম আব্দুর রহমান ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ সাকা চৌধুরীকে ছয় মাসের জামিন দিয়েছে।
একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তার কারণ জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে সাকা চৌধুরীর পক্ষে শুনানি করেন তার কৌঁসুলি মনজুরুল হক।
গত ১৮ অক্টোবর ঠাকুরগাঁওয়ের একটি আদালত সাকা চৌধুরীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে।
একই ধরনের অপর একটি মামলায় টাঙ্গাইলের একটি আদালত পরোয়ারা জারি করলে গত ১৭ সেপ্টেম্বর তিনি হাইকোর্ট থেকে জামিন নেন।
গত ১৩ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সালাউদ্দিন কাদের। পরদিন তাকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়, "১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড অপরিহার্য ছিল।"
এরপর তার বিরুদ্ধে ঠাকুরগাঁও, পঞ্চগড়, টাঙ্গাইল, মাগুরা, খুলনা ও নড়াইলে মানহানির অভিযোগে ছয়টি মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৪১১ ঘ.
bdnews24