ঢাকা, ২০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের 'ক' 'খ' 'গ' ও 'ঘ'- এই চার ইউনিটে এবার প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবে ২৫ জন শিক্ষার্থী।
মঙ্গলবার ছিল এই চার ইউনিটের ভর্তি ফরম বিতরণ ও জমা নেওয়ার শেষ দিন। গত ১ অক্টোবর থেকে এ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু হয়।
আগামী ৬ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।
এবার সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে 'ঘ' ইউনিটে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ৫২ জন শিক্ষার্থী। এরপর যথাক্রমে 'গ' ইউনিটে আসন প্রতি ২৮ জন, 'ক' ইউনিটে ২৩ জন এবং 'খ' ইউনিটে আসন প্রতি লড়বে ১২ শিক্ষার্থী।
'ক' ইউনিটে ১৪৯৪টি আসনের বিপরীতে মোট ফরম বিক্রি হয়েছে ৩৩ হাজার ৯ শ' ৫ টি।
'খ' ইউনিটে মোট ফরম বিক্রি হয়েছে ২৬ হাজার ৬ শ' ৭৩টি। এ ইউনিটে আসন সংখ্যা ২ হাজার ৭৯টি।
'ঘ' ইউনিটে মোট ফরম বিক্রি হয়েছে ৪৫ হাজার ৭ শ' ৭৮ টি। এ ইউনিটে আসন সংখ্যা ৮ শ' ৭৮টি।
'গ' ইউনিটে ৯৭৩টি আসনের বিপরীতে ফরম বিক্রি হয়েছে ২৭ হাজার ৮ শ' ১০টি।
আগামী ৬ নভেম্বর 'খ' ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর 'ক' ইউনিটের পরীক্ষা ১৩ নভেম্বর, 'গ' ইউনিটের ২০ নভেম্বর, 'চ' ইউনিটের ১১ ডিসেম্বর এবং 'ঘ' ইউনিটের পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
নতুন চালু হওয়া 'চ' ইউনিট তথা চারুকলা অনুষদের ফরম জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২২৩৮ঘ.
bdnews24