২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূগপঞ্জে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ একজনসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছনপাড়া গ্রামে সোমবার রাতে র‌্যাব সদস্যদের সঙ্গে দুর্বৃত্তদের গোলাগুলি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 02:59 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছনপাড়া গ্রামে সোমবার রাতে র‌্যাব সদস্যদের সঙ্গে দুর্বৃত্তদের গোলাগুলি হয়েছে। এ সময় র‌্যাবের গুলিতে আহত হয়েছেন মোহন (৩২) নামে একজন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি কাতুর্জসহ দেশি পাইপগান, একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে গুলিবিদ্ধ মোহনসহ দুজনকে। র‌্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে রূপগঞ্জের ছনপাড়া বটতলা থেকে পশ্চিমগাঁও যাচ্ছিল র‌্যাব-১১ একটি টহল দল। ছনপাড়ায় টুপি কারখানার কাছে পৌঁছানোর পর তারা দেখতে পান ৮/১০ জন লোক সলাপরামর্শ করছেন। র‌্যাবের সদস্যরা কাছাকাছি হওয়ার পর তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তানভীর (২৩) নামে একজনকে জাপটে ধরলে অন্যরা র‌্যাব সদস্যদের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে শুরু করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এতে হাঁটুতে গুলিবিদ্ধ হন মোহন। অন্যরা পালিয়ে যান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলিবিদ্ধ মোহনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় দুটি হত্যাসহ আটটি মামলা রয়েছে। গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫১ ঘ.