ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় মঙ্গলবার সকালে এক প্রকৌশলী গুলিবিদ্ধ হয়েছেন। আহত ফজলে রাব্বী (৫৩) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী।
সকাল সোয়া ৯টার দিকে তেজগাঁও থানার কাছে ইম্পেরিয়াল গেস্ট হাউজের সামনে তার ওপর সন্ত্রাসীরা গুলি চালায়। ফজলে রাব্বীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এতে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফজলে রাব্বী তার তেজকুনিপাড়ার বাসা থেকে গাড়িতে করে অফিসে যাওয়ার সময় সন্ত্রাসী হামলায় পড়েন।
তিনি বলেন, "ট্রাফিজ জ্যামে আটকা পড়া ফজলে রাব্বীর গাড়ির জানালা দিয়ে দুই সন্ত্রাসী তাকে লক্ষ করে গুলি চালায়। গুলি তার নিতম্বে লেগেছে।"
হামলায় জড়িত অভিযোগে রাকিব (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, "স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ধাওয়া করে রাকিবকে ধরে ফেলে। তার কাছে একটি পিস্তল পাওয়া গেছে। অপর হামলাকারী পালিয়ে যায়।"
পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, "রাকিব জানিয়েছে, ১০ হাজার টাকার বিনিময়ে তারা ফজলে রাব্বীকে গুলি করেছিল।"
দরপত্র সংক্রান্ত কোনও কারণে এ হামলা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। ওসি জানান, তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
তিনি মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "এটি 'বিচ্ছিন্ন' ঘটনা। তবে যারাই ঘটিয়ে থাকুক, অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এফএফ/এমআই/১১৫৫ ঘ.
bdnews24