২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুতপা হত্যা মামলায় স্বামী আবিরের জামিন নামঞ্জুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী মাফরুদা হক সুতপা হত্যা মামলায় স্বামী ইমরুল সাদাত আবিরের জামিন আবেদন নাকচ করেছেন ঢাকার মহানগর দায়রা জজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী মাফরুদা হক সুতপা হত্যা মামলায় স্বামী ইমরুল সাদাত আবিরের জামিন আবেদন নাকচ করেছেন ঢাকার মহানগর দায়রা জজ। সোমবার দুপুরে বিচারক এ এন এম বশিরউল্লাহ সুতপার স্বামীর জামিন আবেদন নামঞ্জুরের এ আদেশ দেন। আবিরের পক্ষে জামিন আবেদন শুনানি করেন অ্যাডভোকেট হায়দার আলী, এবিএম তৌহিদুল আলম। এামলার আরজিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে দশটায় সুতপার শ্বাশুড়ি সুতপার বাবার বাড়িতে মোবাইলে ফোন করে জানান যে সুতপা শয়ন কক্ষের জানালার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সুতপার শ্বশুর পক্ষের লোকজন মিরপুর ২ নম্বর ব্লকের, ১৪ নম্বর সড়কের, ৩ নম্বর ঠিকানার শ্বশুর বাড়ি থেকে সুতপার লাশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যায়। বাদি সুতপার বড় ভাই আমিনুল হক এজাহারে বলেন, ওই হাসপাতালে গিয়ে তিনি সুতপার শরীরে, দুই হাতে ও পেটে জখম দেখতে পান। এজাহারে বলা হয়, অভিযুক্ত সুতপার স্বামী সুতপাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো। ঘটনার ১ বছর ৪ মাস আগে আবিরের সঙ্গে সুতপার বিয়ে হয়। জামিন আবেদন শুনানিতে আইনজীবীরা বলেন, সুতপার লাশের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যা নয়, আত্মহত্যার তথ্য এসেছে। অভিযুক্ত একজন উচ্চ শিক্ষিত ব্যাংকার। এ মামলায় অপর অভিযুক্ত আবিরের বাবা মো. নুরুল হক এবং মাহবুবা হক ২৯ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। আবিরকে এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক শাহ্ আলম তদন্তে হত্যার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাননি। সুতপা 'হত্যাকাণ্ডের' পর তার স্বামী আবিরকে গ্রেপ্তার করা হয়। সুতপার সুরতহাল প্রতিবেদনে হত্যার তথ্য এলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান মিজানুল হক ময়নাতদন্তে সুতপা আত্মহত্যা করেছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন। বাদিপক্ষে জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আক্তার ও ফারহানা রহমান জামিন আবেদনের বিরোধীতা করে আদালতে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২১৫২ ঘ.