২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী অধিকার নিশ্চিত করতে আইন করবো: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "রাষ্ট্রকে প্রতিবন্ধীদের স্বীকৃতি দিতে হবে। প্রতিবন্ধীদের সঠিক প্রশিক্ষণ দিয়ে তাদের সম্পদে পরিণত করা হবে এবং তাদের সরকারের উন্নয়ন পরিকল্পনায় সম্পৃক্ত করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 10:04 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "রাষ্ট্রকে প্রতিবন্ধীদের স্বীকৃতি দিতে হবে। প্রতিবন্ধীদের সঠিক প্রশিক্ষণ দিয়ে তাদের সম্পদে পরিণত করা হবে এবং তাদের সরকারের উন্নয়ন পরিকল্পনায় সম্পৃক্ত করা হবে।" বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার সকালে পঞ্চম জাতীয় প্রতিবন্ধী কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বৈজ্ঞানিক ও শিল্পীদের উদাহরণ দিয়ে তিনি বলেন, "উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ পেলে প্রতিবন্ধীরা যে কোনো কাজে সাফল্য দেখাতে পারেন।" তিনি বলেন, "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় আইন প্রণীত হবে এবং এই আইন প্রণয়ন প্রক্রিয়ায় আপনাদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে।" প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে প্রতিবন্ধীদের পূর্ণাঙ্গ কোন পরিসংখ্যান নাই। ২০০৫ সালে পরিচালিত জাতীয় প্রতিবন্ধী ফোরাম ও হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের সমীক্ষায় দেখা যায়- বাংলাদেশে প্রায় ৮৪ লাখ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী রয়েছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধীদের ভর্তি নিশ্চিত করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, সুস্থদের উচিত নয় প্রতিবন্ধীদের অবহেলা করা। প্রধানমন্ত্রী বলেন, "চাকরীর ক্ষেত্রে প্রতিবন্ধীদের কোটা সংরক্ষণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। দৃষ্টি প্রতিবন্ধীদের রিসোর্স স্কুলে শিক্ষক হিসাবে নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগেও তাদের জন্য কোটা সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।" সিভিল সার্ভিসসহ চাকরীর সব স্তরে প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণের বিষয়টিও প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান। শেখ হাসিনা ক্রীড়াক্ষেত্রে প্রতিবন্ধীদের উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করা হবে বলেও জানান। তিনি প্রতিবন্ধীদের উদ্দেশে বলেন, "আপনারা নিজেদের অসহায় ভাববেন না। আপনাদের সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। আমি ও আমার সরকার আপনাদের পাশে আছে।" সমাজের সব স্তরের মানুষদের প্রতিবন্ধীদের পুনর্বাসন ও উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা ও অ্যাকশন অন ডিসঅ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্টের (এডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জামান আহমদ এবং প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের প্রধান উম্মে কুলসুম রঞ্জনা । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/জিএনএ/১৫৫৫ ঘ.