২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গার্মেন্টস প্রতিষ্ঠানের ২০ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের ২০ লাখ টাকা ছিনতাই হয়েছে রোববার। ছিনতাইকারিদের বাধা দিতে গিয়ে একজন গুলিবিদ্ধ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 05:46 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, ১৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর মোহাম্মদপুরে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের ২০ লাখ টাকা ছিনতাই হয়েছে রোববার। ছিনতাইকারিদের বাধা দিতে গিয়ে একজন গুলিবিদ্ধ হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুইয়া মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের কাছে আসাদ এভিনিউয়ে অবস্থিত 'নিটেক্স ড্রেসেস লিমিটেড' নামের ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা দুপুর ২টার দিকে ২০ লাখ টাকা নিয়ে ঢোকার সময় এ ঘটনা ঘটে। ওসি বলেন, প্রতিষ্ঠানের কর্মচারি শহীদুল ইসলাম এবং নজরুল ইসলাম মতিঝিলের দুইটি ব্যাংক থেকে ২০ লাখ টাকা তুলে তাদের প্রধান কার্যালয়ে ঢোকার মুহূর্তে দুইটি মোটর সাইকেলে চড়ে আসা সন্ত্রাসীরা গাড়ি আটকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগটি নিয়ে যায়। ওসি মাহবুব জানান, দারোয়ান রুহুল আমিন বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তার পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। রুহুল আমিনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, বড় অঙ্কের টাকা লেনদেনের সময় পুলিশকে জানানোর কথা থাকলেও নিটেক্স ড্রেসেস তা করেনি। কর্মচারি শহীদুল এবং নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২৩৩৭ঘ.