সিলেট, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর টিলাগড় এলাকায় গোপাল টিলা পূজামন্ডপে শনিবার গভীররাতে দুর্বৃত্তদের হামলায় পাঁচজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কার্তিক রায় নামে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূজা কমিটির উপদেষ্টা সজল কর পুরকায়স্থ জানান, গোপাল টিলা সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে শনিবার রাত ১টায় কালীপূজা শুরু হলে হঠাৎ রাম দা হাতে একদল যুবক পূজামন্ডপে অতর্কিতে হামলা চালায়।
হামলায় জিতেন্দ্র চক্রবর্তী, সুরেশ চক্রবর্তী ও কার্তিক রায়সহ পাঁচজন আহত হন।
তিনি জানান, হামলাকারীরা পূজামন্ডপের ব্যাপক ক্ষতি করেছে। পূজাও পণ্ড হয়ে গেছে। পরে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে আসে।
সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, রোববার দুপুরে আহত কার্তিক রায়কে দেখতে হাসপাতালে গেছেন তিনি। কার্তিক মাথায় আঘত পেয়েছেন।
এ ব্যাপারে এখনও মামলা হয়নি বলে জানান এসআই খোরশেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫১ ঘ.
bdnews24