২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ব্যাপক ক্ষতি, তবে পাঠ্যপুস্তক বিতরণ বাধাগ্রস্ত হবে না'

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রধান গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষতি হলেও আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ বাধাগ্রস্ত হবে না বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রধান গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষতি হলেও আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ বাধাগ্রস্ত হবে না বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার আগুনের খবর পেয়ে মন্ত্রী সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যান। সারা দিনই তিনি সেখানে ছিলেন। গুদামে প্রচুর বই ও কাগজ রয়েছে জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্ষয়ক্ষতির পরিমাণ কত- তা এ মুহূর্তে সুনির্দিষ্ট করে বলতে না পারলেও এটা বোঝা যাচ্ছে, আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।" সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "২০১০ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এতে আমাদের ১৯ কোটি বই ছাপাতে হবে। আগুনের কারণে আমাদের যথাসময়ে বই বিতরণে ব্যাঘাত ঘটবে না। আমরা সময় মতোই বই বিতরণ করবো। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।" জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গবেষণা কর্মকর্তা ও গুদাম তদারককারী কমিটির সদস্য গৌরাঙ্গ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে অংশে আগুন লেগেছে, সেখানে বইয়ের মলাট ছাপানোর প্রচুর কার্টিস পেপার ও বই ছাপানোর কাগজ রয়েছে।" সরকার আগামী শিক্ষাবর্ষের জন্য ১৯ কোটি বই ছাপানোর পরিকল্পনা করেছে। ওই সব বইয়ের জন্য কেনা কাগজের একাংশও এ গুদামে রয়েছে বলে জানান তিনি। গুদামটি এনসিটিবির বাফার স্টক (অতিরিক্ত মজুদ) হিসেবে ব্যবহৃত হতো। এ ছাড়া এখানে ঢাকা জেলার বই রাখা হতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/১৮২৭ ঘ.