চাঁদপুর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১১ নারী খুনের ঘটনা স্বীকার করে আলোচিত চাঁদপুরের রসু খাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ছয়দিন পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
এর আগে তাকে তিন দফা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
রোববার দুপুর ২টার দিকে রসুকে চাঁদপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে পুলিশ কোহিনুর হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানায়।
শুনানির পর হাকিম মো. মোজাম্মেল হক ছয়দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
রসু খাঁকে ৭ অক্টোবর টঙ্গীর নিরাশপাড়ার বাসা থেকে চুরির মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ হেফাজতে প্রথম দফা জিজ্ঞাসাবাদে তিনি চাঁদপুরে ১১ নারীকে হত্যার তথ্য দেন। এসব নারীর মধ্যে চাঁদপুর ছাড়াও দেশের অন্যান্য স্থানের কয়েকজন রয়েছেন।
এরপর তিনি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যা ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
কোহিনুর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, গত বছরের ২৩ অক্টোবর সদর উপজেলার ডাকাতিয়া এলাকা থেকে কোহিনুরের লাশ উদ্ধার করে পুলিশ।
কোহিনুরের বাড়ি টঙ্গী এলাকায় বলে রসু জানিয়েছেন।
প্রাথমিক পর্যায়ে ফরিদগঞ্জ থানা পুলিশের জিজ্ঞাসাবাদে এবং আদালতে দেওয়া জবানবন্দিতে রসু এই খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ রসুকে এই মামলায় আসামি দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানায়।
এসআই রহিম জানান, রসু আদালতে দেওয়া জবানবন্দিতে এই হত্যাকাণ্ডের বিষয়ে বলেছেন, গত বছরের অক্টোবর মাসের শেষদিকে রসু তার গ্রামের মফু মেম্বারকে নিয়ে পরিকল্পিতভাবে কোহিনুর নামের এই মেয়েকে ঢাকা থেকে চাঁদপুরে এনে হত্যা করেন।
শুনানির সময় রসু আদালতকে বলেন, "স্যার আর কত রিমান্ড। আমি তো অসুস্থ হয়া গেছি। যা বলছি তা আমনেরে বলছি, পুলিশরে বলছি, ডিআইজিরে বলছি, সাংবাদিকদের কইছি। এরপরও আমারে রিমান্ডে দিয়েন না। আমারে কয়েকদিন ধইরাই খালি জিগাইতাছে। আমি তো কইছি, আমি নিজেই সবকিছু করছি। এরপরও অন্যরে কেন জড়ানো অইতেছে।"
রসু আদালতকে আরো বলে, "আমি এর আগে হত্যাকাণ্ডের সাথে আমার ভাগিনা জহিরুলসহ আরো যে ক'জনের নাম বলেছি তারা আসলে জড়িত নয়।"
পরে হাকিম মোজাম্মেল হক হেফাজতে রসুকে সাবধানে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশকে নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫২ ঘ.
bdnews24