কক্সবাজার, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী থেকে শনিবার রাতে মহিষ বোঝাই নৌকা এবং অস্ত্রসহ পাঁচ মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিডিআর।
নৌকা তল্লাশি করে পাওয়া অস্ত্রের মধ্যে আছে- একটি কাটাবন্দুক, দুই রাউন্ড কার্তুজ, একটি চাপাটি, একটি ছুরি। পরে অস্ত্রসহ এই পাঁচজনকে টেকনাফ থানায় হস্তান্ত করা হয়েছে।
আটক করা ছয়টি মহিষ দেওয়া হয়েছে টেকনাফ শুল্ক বিভাগের হেফাজতে।
টেকনাফের ৪২ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর আবু নাঈম খন্দকার জানান, শনিবার রাতে শাহপরীর দ্বীপ সীমান্ত চৌকির কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল বিডিআর জওয়ান নাফ নদীতে টহল দিচ্ছিলেন।
ওই সময় ছয়টি মহিষ নিয়ে একটি নৌকা যাওয়ার সময় থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশ উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে বিডিআর জওয়ানরা ধাওয়া করে নৌকাটি আটক করে।
আটককৃতরা হলেন- লাল মোহাম্মদ (৪০), মো. আব্দুর রহমান (২৫), ইসমাঈল হোসেন (২২), মো. আবদুল মান্নান (৩৫) ও মো. সৈয়দ আলম (৩২)।
মেজর আবু নঈম জানান, এ ঘটনায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৮ ঘ.
bdnews24