বগুড়া, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শিবগঞ্জ ও সদর উপজেলায় স্পিরিট পান করে রোববার ভোরে পাঁচজন মারা গেছেন।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও মহাস্থান দক্ষিণ পাড়ার বাবু মিয়া (৫৫), মহাস্থান পশ্চিম পাড়ার খুদে প্রামাণিকের ছেলে আজিজার রহমান (৪৫), একই এলাকার হরিজন লালু (৫০), সদর উপজেলার দিঘলকান্দি এলাকার সিরাজের ছেলে মাধু মিয়া (৪০) এবং লাহিড়ী পাড়ার আনিছুর রহমান (৪৮)।
রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ও শনিবার রাতে এই পাঁচজন মহাস্থান গড় এলাকার বিভিন্ন হোমিওপ্যাথ ওষুধের দোকান থেকে স্পিরিট কেনেন। এই স্পিরিট পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন এবং রোববার ভোরে মারা যান।
তবে শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) এবিএম জাহেদুল ইসলাম তার এলাকায় অ্যালকোহল পানে আজিজার ও হরিজনের মৃত্যুর কথা স্বীকার করলেও বাবু মিয়া হৃদরোগে মারা গেছে বলে দাবি করেছেন।
এদিকে বগুড়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সদর উপজেলার আনিছুর রহমান স্পিরিট পান করে মারা গেছেন। আর মাধু মিয়া মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬২১ ঘ.
bdnews24