২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পুলিশের নির্যাতনে একজনের মৃত্যুর অভিযোগ

নোয়াখালীর চর জব্বার থানা পুলিশের হেফাজতে শনিবার বাবুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাবুলের স্ত্রী আমেনা বেগমের অভিযোগ, থানা হেফাজতে পুলিশী নির্যাতনে তার স্বামীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 07:42 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নোয়াখালীর চর জব্বার থানা পুলিশের হেফাজতে শনিবার বাবুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাবুলের স্ত্রী আমেনা বেগমের অভিযোগ, থানা হেফাজতে পুলিশী নির্যাতনে তার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার স্বামী রেডিও-টিভি মেরামতের কারিগর ছিলেন। পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তারের পর থানায় এনে তার ওপর সারা রাত ধরে নির্যাতন চালায়। এ কারণেই তার মৃত্যু হয়েছে।" তবে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট আব্দুর রাজ্জাক চিকিৎসকদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিরিক্ত মদপানের কারণে বাবুলের মৃত্যু হয়েছে।" নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মোতালেব বলেছেন, "অতিরিক্ত মদপানে বাবুলের মৃত্যু হয়েছে- এমন কোন তথ্য আমরা পুলিশকে দিইনি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই তার মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।" চরজব্বার থানা পুলিশের উপ-পরিদর্শক হাবীবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার দুপুরে সুবর্ণচর উপজেলার মধ্যম চরবাটা গ্রামের বাড়ি থেকে পুলিশ বাবুলকে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির পুকুর পাড়ের মাটি খুঁড়ে একশ' চার বোতল দেশি মদ উদ্ধার করা হয়। বাবুলকে থানা হেফাজত থেকে শনিবার দুপুরে নোয়াখালীর আদালতে হাজির করা হলে সেখানে সে অসুস্থ হয়ে পড়ে। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। বাবুল পেশাদার মদ ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে মদপানের কারণে তার মৃত্যু হয়েছে বলেও দাবি করেন পুলিশ কর্মকর্তা হাবীবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/০০২৯ ঘ.