ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান ডেলিস্কি ইলেকট্রিক লিমিটেডের পণ্য বাংলাদেশে বাজারজাত করবে ঢাকার ইনজেন টেকনোলজি লিমিটেড।
এ উপলক্ষে শনিবার রাতে নগরীর একটি হোটেলে ডেলিস্কি ইলেকট্রিক লিমিটেডের সঙ্গে ইনজেন টেকনোলোজি লিমিলেডের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
ইনজেন টেকনোলোজির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী সরকার ও ডেলেক্সি ইলেকট্রিক লিমিটেডের দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাব্যবস্থাপক ইলিস লী চুক্তিতে সই করেন।
এরপর বাংলাদেশে বাজারজাতকরণের জন্য ডেলিস্কি'র উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।
অনাড়ম্বর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক বিভাগের প্রধান অধ্যাপক প্রকৌশলী আমিনুল হক।
এতে আরও বক্তব্য রাখেন ইনজেন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী সরকার, চীনা দূতাবাসের প্রথম সচিব ইন ফি ফ্যান, ইনজেন টেকনোলজির নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রাফিউদ্দিন আহমেদ, ডেলেস্কি ইলেকট্রিক লিমিটেডের পরিচালক (ওভারসিস বিজনেজ ডেভেলপমেন্ট) চেন জিয়াং ফেং, ডেলেস্কি ইলেকট্রিক এর দক্ষিণ পূর্ব এশিয়ার মহাব্যবস্থাপক ইলিস লী, ইনজেন টেকনোলজির পরিচালক (এনার্জি বিজনেস) একেএম মনিরুজ্জামান কোরেশী।
চীনের ওয়েনজিও প্রদেশের ডেলেক্সি বিভিন্ন ধরনের বিদ্যুৎ সাশ্রয়ী লো ভোল্টেজ ইলেকট্রিক্যাল সরঞ্জাম, সার্কিট ব্রেকার, ইউপিএস, আইপিএস তৈরি করে।
বাংলাদেশের ইনজেন কোম্পানির কর্মকর্তারা বলেন, ডেলিস্কি উৎপাদিত পণ্য ব্যবহার করলে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে এবং গুণগত মানের কারণে এগুলো আর্থিকভাবেও লাভজনক হবে।
ইনজেন টেকনোলজি দেশে আইপিএস, ইউপিএস, সোলার পাওয়ার সল্যুশন, এনার্জি সেভিংস সরঞ্জাম, আইটি ম্যানেজমেন্টের জন্য কম্পিউটার সল্যুশনের কাজ করে থাকে।
এ কোম্পানি ইতিমধ্যে সিরাজগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রাথমিক প্রকল্পের অংশ হিসেবে পাঁচশটি সোলার ইউনিট স্থাপন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএইচ/২৩৪০ ঘ.
bdnews24