মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগামী বুধবার থেকে শুরু হবে হজযাত্রীদের ফ্লাইট। এর আগে রোববার থেকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে আশকোনার হজক্যাম্পে হজযাত্রীদের বিষয়ে অবহিত (রিপোর্ট) করার প্রক্রিয়া শুরু হচ্ছে।
এ লক্ষ্যে হজক্যাম্পে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হজ অফিসার মো. বজলুল হক বিশ্বাস।
শনিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিমানসূচির (ফ্লাইট সিডিউল) ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে যাত্রীরা রোববার থেকে ক্যাম্পে রিপোর্ট শুরু করবে।"
এ বছর সারা দেশের ৫৮ হাজার ৪৬০ জন পুরুষ-মহিলা হজে যাচ্ছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন আট হাজার ৪৩ জন। অন্যরা বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন।
হজ অফিসার জানান, ২১ অক্টোবর থেকে ২১ নভেম্বরের ফ্লাইটে সব যাত্রীরা জেদ্দা পৌঁছবে। তবে সরকারি ব্যবস্থাপনার (ব্যালটি) যাত্রীদের ১৩ নভেম্বরের মধ্যে পাঠানো সম্পন্ন হবে।
এবার সৌদি এয়ারলাইন্স এবার ২০ হাজার এবং বাংলাদেশ বিমান ৩৮ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করবে।
বজলুল হক বলেন, "রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের হজযাত্রীদের পর্যায়ক্রমে ফ্লাইট সিডিউল দেওয়া হয়েছে। ইতোমধ্যে সবার কাছে এ সংক্রান্ত চিঠি ডাকযোগে পাঠানো হয়েছে।"
বিমানযাত্রার কমপক্ষে এক সপ্তাহ আগে তারা এসব চিঠি পাবেন বলে জানান। তারপরও কোনও ধরনের অসুবিধা হলে ঢাকা হজ অফিসের ৮৯১৬৫৭০ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।
২ ডিসেম্বর থেকে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।
ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের বাড়ি ভাড়া চূড়ান্ত করা হয়েছে। গেল সপ্তাহে বেসরকারি ব্যবস্থাপনার ২০ হাজার হজযাত্রীর জন্য বাড়ি ভাড়া হয়েছে। পর্যায়ক্রমে সবার জন্য তা নিশ্চিত করা হবে বলে জানান এই কর্মকর্তা।
হজক্যাম্পের প্রস্ততির বিষয়ে বজলুল হক বিশ্বাস বলেন, "হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পে পুলিশসহ অন্যান্য সংস্থার লোক নিয়োগ করা হয়েছে। থাকা-খাওয়া, মেডিক্যাল টিম, পানি সরবরাহসহ সার্বিক প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।
সরেজমিন হজ্জক্যাম্প পরিদর্শন করে দেখা যায়, অনানুষ্ঠানিকভাবে মেডিক্যাল টিম যাত্রীদের ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। পুলিশ পাহাড়া জোরদার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েসাইটে হজযাত্রীদের বিস্তারিত তথ্যসহ হজের যাত্রা-ফিরতি ফ্লাইটের কোনও তথ্য নেই। এ বিষয়ে ক্যাম্পের সহকারি হজ অফিসার আবদুল মালেক বলেন, "শুধু প্রথম দিনের প্রথম ফ্লাইটের তথ্য দেওয়া হয়েছে। শিগগির সরকারি ব্যবস্থাপনার সব যাত্রীদের তথ্য সংযোজন করা হবে।"
হজ ক্যাম্পের দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক আহসান হাবিব জানান, আট প্লাটুন পুলিশ নিয়োজিত রয়েছে এখানে। যে কোনও ধরনের সহায়তা দেওয়ার জন্য তারা কাজ শুরু করবে রোববার থেকে।
ক্যাম্পের মেডিক্যাল ইন চার্জ ডা. ওয়াহিদুল হক জানান, হজযাত্রীদের চিকিৎসা সুবিধা দিতে ১২ জন চিকিৎসক নিয়োজিত থাকবেন। রোববার থেকে মহিলা-পুরুষ চিকিৎসকরা পর্যায়ক্রমে ২৪ ঘন্টা কাজ করবে।
বরিশাল থেকে এসে হজক্যাম্পে টিকা নিলেন সুলতানা রহমান। এবার হজে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, "আশা করি, কোনও ধরনের ঝামেলায় পড়তে হবে না। সুশৃঙ্খলভাবে কাজ চলছে মনে হচ্ছে। কামনা করি, শেষ পর্যন্ত যেনও কোনও ঝামেলা না হয়।"
এবার হজযাত্রীদের গাইড হিসেবে যাচ্ছেন একশ' ৭৯ জন। এদের অনেকেরই হজের অভিজ্ঞতা না থাকায় গাইডের কাজ কতটুকু করতে পারবেন-তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বজলুল হক বলেন, "গাইড নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। এক্ষেত্রে যে তাদের সবারই হজের অভিজ্ঞতা থাকতে হবে-এমন বাধ্যবাধকতা নেই। তারা সেবা দিতে পারলেই হল।"
হজযাত্রী পরিবহন ও হজব্যবস্থাপনা নিয়ে গত ৩০ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভার নির্দেশনা অনুযায়ী কাজ চলছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, "অন্যান্য বছর হজব্যবস্থাপনায় যে অনিয়মের খবর পাওয়া যায়, এ বছর সে ধরনের কোনও অনিয়ম বা অব্যবস্থাপনা হবে না বলে আমরা আশাবাদী।"
গত বছর সরকারি ব্যবস্থাপনায় ৬১০০ জন পুরুষ ও ১৫০৫ জন নারী এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৭৯৫৭ জন পুরুষ ও ১৩২০১ জন মহিলা হজে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/২১৪৪ ঘ.
bdnews24