সাভার, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় শনিবার দুপুরে একটি রপ্তানিমুখী টেক্সটাইল কারখানায় আগুন লাগে।
পান্না টেক্সটাইল (স্পিনিং) মিলস লিমিটেড নামের কারখানাটির মহাব্যবস্থাপক খালেদ আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১ টার দিকে কারখানার মিক্সিং সেকশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
আওয়ামী লীগের সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকাধীন কারখানাটিতে অগ্নিকাণ্ডে তুলা, সুতা ও দুটি মেশিন পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন খালেদ আহমেদ।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডে দুটি মেশিন ও তিনশ' মণ তুলাসহ আনুমানিক ২০ লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯২০ ঘ.
bdnews24