২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প চালু

সাভারের ভাকুর্তা ইউনিয়নের কাইচারচরে শনিবার সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৫০ জনেরও বেশি কৃষকের ২০ একর জমিতে সেচ সুবিধা দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 01:15 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

সাভার, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের ভাকুর্তা ইউনিয়নের কাইচারচরে শনিবার সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৫০ জনেরও বেশি কৃষকের ২০ একর জমিতে সেচ সুবিধা দেওয়া হবে। রহিমআফরোজ রিনিউএবেল এনার্জির চেয়ারম্যান নিয়াজ রহিম দুপুরে প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ড. নাজমুল হোসেন, কৃষি উন্নয়ন কর্মী শাইখ সিরাজ, জার্মান টেকনিক্যাল কো-অপারেশনের প্রোগ্রাম কো-অডিনেটর এরিখ অটো গম, উপদেষ্টা খুরশীদ উল ইসলাম প্রমুখ। এ সেচ প্রকল্পে বিদ্যুৎ বা ডিজেলের প্রয়োজন হবে না বলে অনুষ্ঠানে বক্তারা বলেন। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, দেশের বিদ্যুৎ ও ডিজেল চালিত সেচ পাম্পগুলোকে সৌরবিদ্যুৎ চালিত প্রকল্পের আওতায় আনা সম্ভব হলে বছরে ৭৬০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। এরিখ অটো গম বলেন, বর্তমানে বোরো মৌসুমে দেশের এক কোটি ২০ লাখ একর চাষযোগ্য জমিতে ১৩ লাখ ৩০ হাজার সেচ পাম্প ব্যবহৃত হচ্ছে। যার মধ্যে ১৬ লাখ একর জমি চাষের জন্য ১০ লাখ ৮০ হাজার বৈদ্যুতিক এবং এক কোটি চার লাখ একর জমি চাষের জন্য ১১ লাখ ৫৮ হাজার ডিজেল চালিত সেচ পাম্প ব্যবহৃত হয়। তিনি বলেন, রহিমআফরোজের সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্পগুলো একনাগাড়ে ২০ বছরেরও বেশি সময় নিরবচ্ছিন্নভাবে চলবে। এর জন্য কোনো ব্যাটারি বা অন্য জ্বালানির প্রয়োজন হবে না। সূর্যের আলোই সারাদিন একে সচল রাখবে। এ ছাড়া এটি পরিচালনায় সারাক্ষণ নজরদারিরও প্রয়োজন পড়বে না। নিয়াজ রহিম বলেন, "২০০৪ সাল থেকে রহিমআফরোজ এ প্রকল্প নিয়ে কাজ করছে। যার ফল হচ্ছে আজকের এই সৌরবিদ্যুৎচালিত সেচ প্রকল্প।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১৩ ঘ.