চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার চট্টগ্রামে শেষ হয়েছে চারদিনের বিডি-রেড আবাসন মেলা।
সবার জন্য পরিবেশ বান্ধব আবাসন নিশ্চিত করার শ্লোগান নিয়ে মঙ্গলবার নগরীর ইঞ্জিনিয়ারিং ই্ন্সটিটিউশন মিলনায়তনে এ মেলা শুরু হয়।
মেলায় অংশগ্রহণকারী ৪৭ টি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের স্টল থেকে দর্শনার্থীরা খুঁজে নিয়েছেন তাদের পছন্দের প্লট ও ফ্ল্যাট।
অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের আবাসন মেলায় প্রতিষ্ঠানগুলোর আকর্ষণীয় অফারের কারণে দর্শনার্থীদের ভিড় বেড়েছে।
আয়োজক প্রতিষ্ঠান 'বিডি-রেড' এর চট্টগ্রাম অফিসের সমন্বয়কারী নাইমুল ইসলাম জানান, চারদিনের মেলায় ১৬৭টি প্লট ও ২৮০টি ফ্ল্যাট বুকিং হয়েছে।
মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর চেয়ারম্যান আবদুচ ছালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিডি রেড এর প্রধান নির্বাহী মো. ইয়াসিন খান।
অনুষ্ঠানে চউক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, পরিকল্পিত নগরায়ণের জন্য পরিকল্পিত আবাসন জরুরি। এজন্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানসমূহের সঙ্গে রিয়েল এস্টেট প্রতিষ্টানের সমন্বয় প্রয়োজন।
মেলায় অংশগ্রহণকারী চৌধুরী এস্টেটের কর্মকর্তা সাজ্জাদ বিন খালেদ সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নগরবাসীর মধ্যে ফ্ল্যাট ও প্লটের প্রতি আগ্রহ বেড়েছে। এ কারণেই এবারের মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। তারা নিজেদের নিরাপদ আবাসন খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন।
বিডি রেড এর প্রধান নির্বাহী ইয়াসিন খান জানান, এবার মেলায় প্লট, ফ্ল্যাট বুকিং মিলিয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২২৯ ঘ.
bdnews24