২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিঋণের ৯০ ভাগ পাবেন ভূমিহীন-বর্গাচাষীরা: আতিউর

কৃষিঋণের ৯০ ভাগ ভূমিহীন ও বর্গাচাষীরা পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, "চলতি অর্থবছর ১২ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেওয়া হবে। শতকরা দুই টাকা হার সুদে দেওয়া এই ঋণের ৯০ ভাগই পাবেন ভূমিহীন ও বর্গাচাষীরা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 01:56 PM

Updated : 07 Jul 2022, 06:41 PM

নাটোর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিঋণের ৯০ ভাগ ভূমিহীন ও বর্গাচাষীরা পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

তিনি বলেন, "চলতি অর্থবছর ১২ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেওয়া হবে। শতকরা দুই টাকা হার সুদে দেওয়া এই ঋণের ৯০ ভাগই পাবেন ভূমিহীন ও বর্গাচাষীরা।"

শুক্রবার নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ও চাপিলায় ভূমিহীন মৎস্যজীবী ও বর্গাচাষীদের মধ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এই কথা বলেন।

গত বছরের চাইতে এবার ২৫ ভাগ অতিরিক্ত কৃষি ঋণ দেওয়া হচ্ছে জানিয়ে আতিউর রহমান বলেন, "কৃষকরা বিনা হয়রানি ও ঘুষ ছাড়া ঋণ পেল কিনা তা যাচাই করার জন্য শীত মৌসুমে বাংলাদেশ ব্যাংকের ৮০ জন কর্মকর্তা ১৫দিন দেশের প্রতিটি এলাকায় মাঠে-ঘাটে গিয়ে যাচাই করবেন।

"কোনো দেশ বা সংস্থার কাছে নতজানু হয়ে নয় বরং কৃষি ও কৃষককের উন্নয়নের মাধ্যমে আমাদেরকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।"

চাপিলা ও মহারাজপুর গ্রামের শত শত পুকুরে ব্যাপকভাবে মাছ চাষ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এই রূপালী বিপ্লব আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মৎস্য চাষীদের জমির খাজনা কমিয়ে শতাংশ প্রতি পাঁচ টাকা করতে জোর প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন আতিউর রহমান।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আয়োজিত এই ঋণ বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ম. ফজলুল হক, পরিচালনা পর্ষদের পরিচালক রবীন্দ্র কুমার মজুমদার, রুস্তম আলী আহমেদ, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, ব্যাংকের নাটোর আঞ্চলিক ব্যবস্থাপক এ বি সিদ্দিকী এবং মৎস্য চাষী আব্দুর রাজ্জাক ও কৃষক আব্দুল মজিদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান কাছিকাটায় ৩৭ জন ভূমিহীন ও বর্গাচাষীকে ১০ লাখ ২৬ হাজার টাকা এবং চাপিলায় নয়জন মৎস্য চাষীকে ৭ লাখ ৬০ হাজার টাকা কৃষি ঋণ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৭ ঘ.