২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য দিবসের ডাকটিকিট ও খাম অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় এক অনুষ্ঠানে তা অবমুক্ত করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 11:48 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় এক অনুষ্ঠানে তা অবমুক্ত করেন তিনি। সঙ্কটকালে খাদ্য নিরাপত্তা অর্জন- এ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে এবারের বিশ্ব খাদ্য দিবস। ডাকটিকিট ও খাম অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, বাংলাদেশ পোস্ট অফিসের মহাপরিচালক মোবাশ্বেরউর রহমান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকার্স প্রমুখ। 'বিশ্ব খাদ্য দিবস ২০০৯' উপলক্ষে প্রধানমন্ত্রী তিন টাকা মূল্যমানের চারটি ডাকটিকিট এবং ছয় টাকা মূল্যমানের একটি খাম অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় ফার্মগেটের খামারবাড়ি থেকে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে শিক্ষার্থীরাও শোভাযাত্রায় অংশ নেয়। জেলা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খাদ্য দিবস পালিত হচ্ছে। দিবসের বাণীতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, "বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মিটিয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আজ সত্যিকার অর্থেই একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।" "জলবায়ু পরিবর্তনজনিত কারণে কৃষিই সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ খাত। উদ্ভূত ঝুঁকি মোকাবেলা করে সঙ্কটকালে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একান্ত প্রয়োজন," বলেন তিনি। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আহ্বানে প্রতি বছর ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউএম/এমআই/১৮০১ ঘ.