ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ ও মেহেরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বিডিআর।
বৃহস্পতিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে নিহত হয়েছেন আব্দুর রহিম (৩০)। বুধবার রাতে মেহেরপুর বুড়িপোতা সীমান্তে মারা গেছেন আনন্দ কুমার বিশ্বাস (৪০)। আহত হয়েছেন মানিক কুমার সাহা (৪৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চাঁপাইনবাবগঞ্জ ও মেহেরপুর প্রতিনিধির পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: নিহত রহিম গরু ব্যবসায়ী বলে স্থানীয়রা জানান। তার বাড়ি শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামে।
বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ৩৯ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তে রহিম নিহত হন।
তিনি বলেন, "রহিম মেইন পিলার ১৭০ এর সাব পিলার ১ এলাকা থেকে ১০০ মিটার অভ্যন্তরে দাঁড়িয়ে ছিল। ওই সময় ভারতের মালদা জেলার দৌলতপুর ফাঁড়ির বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান।"
ঘটনাস্থল থেকে রহিমের লাাশ উদ্ধার করে বিডিআর।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিডিআরের পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে মেজর নজরুল জানান।
মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে হতাহতদের বাড়ি ঝিনাইদহে বলে গ্রামবাসীরা জানিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ও লাশ হস্তান্তরের বিষয়ে বৃহস্পতিবার ঘটনাস্থল বুড়িপোতা সীমান্তে বিডিআর ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক (ফ্লাগ মিটিং) হয়েছে।
বিডিআর কর্মকর্তা ও গ্রামবাসীরা জানান, বুধবার রাত ১০ টার দিকে আনন্দ ও মানিক বুড়িপোতা সীমান্তের ১১৬ মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে আত্মীয় বাড়ি যাওয়ার চেষ্টা করলে ভারতের করিমপুর এলাকার নাটনা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উপর গুলি চালায়। পরে গুলিতে নিহত ও আহত বাংলাদেশিদের বিএসএফ ভারত অভ্যন্তরে নিয়ে যায়।
বিডিআরের কুষ্টিয়া মীরপুর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাঈদ আহমেদ জানান, মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে বিএস এফের গুলিতে দুই বাংলাদেশি হতাহত হলেও এর কারণ এখনও জানা যায়নি। লাশ উদ্ধারের পর হতাহতদের সঠিক ঠিকানা ও ঘটনার কারণ জানা যাবে।
তিনি জানান, এই ঘটনাকে কেন্দ্র করে এবং হতাহতদের হস্তান্তরের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে বুড়িপোতা সীমান্তে বিডিআর ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
বৈঠকে বিডিআর সীমান্তে গুলিবর্ষণের প্রতিবাদ জানায় বলে জানিয়েছেন লে. কর্নেল সাঈদ।
তবে স্বজনদের অনুপস্থিতির কারণে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর করা সম্ভব হয়নি বলে বুড়িপোতা বিডিআর ক্যাম্প কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৫ ঘ.
bdnews24