২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছর পর আবার টিএসপি সার উৎপাদন শুরু হচ্ছে

কাঁচামাল সংকটের কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার উৎপাদনে যাচ্ছে টিএসপি কমপ্লেক্স লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 01:09 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁচামাল সংকটের কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার উৎপাদনে যাচ্ছে টিএসপি কমপ্লেক্স লিমিটেড। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কাঁচামাল সংকটের কারণে গত বছরের ২৬ নভেম্বর থেকে টিএসপি সারের উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে ওই সংকট কেটে যাওয়ায় ২২ অক্টোবর থেকে নতুন করে এ কারখানায় উৎপাদন শুরু হতে যাচ্ছে। তাছাড়া আগামী বছরের শুরুতে কারখানাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও সালফারের সমন্বয়ে এনপিকেএস সারের উৎপাদনও শুরু হবে। এনপিকেএস সার জমির উর্বরতার ক্ষয়রোধ কমিয়ে ফসল উৎপাদন বাড়াতে সহায়ক হবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। এ প্রসঙ্গে টিএসপি কমপ্লেক্স লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রকৌশলী এ ইউ এম জুবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন কাঁচামাল সংকটের কারণে টিএসপি সার উৎপাদন সম্ভব হয়নি। ১০ অক্টোবর জর্ডান থেকে প্রায় ১৫ হাজার টন রক ফসফেট (টিএসপি সারের কাঁচামাল) আমদানি করা হয়। এর ফলে আগামী ২২ অক্টোবর থেকে সার উৎপাদনে যাওয়া সম্ভব হবে বলে আশা করছি। তিনি জানান, ২০০৯-১০ অর্থবছরে টিএসপি কমপ্লেক্স এক লাখ টন টিএসপি সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দেশে বছরে প্রায় ৫ লাখ টন টিএসপি'র চাহিদা রয়েছে । আর এর বিপরীতে এক লাখ টন টিএসপি সারের যোগান দেয় টিএসপি কমপ্লেক্স লিমিটেড। বাকি চার লাখ টনের চাহিদা মেটানো হয় আমদানি করে। এদিকে, ২৮ কোটি টাকা মূল্যের ১৪ হাজার ৩৩১ টন এসএসপি (সিঙ্গেল সুপার ফসফেট) সার কারখানার গুদামে পড়ে আছে। যে কারণে কারখানার গুদামে কাঁচামাল রাখার স্থান সংকট দেখা দিয়েছে। সরকারি নিষেধাজ্ঞার কারণে এসএসপি সার উৎপাদন ও বাজারজাত বন্ধ থাকায় পড়ে থাকা এ সার নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। টিএসপি কমপ্লেক্স লিমিটেডের উর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সরকার আবাদি জমির জন্য এসএসপি সারকে ক্ষতিকর গণ্য করায় তা বাজারজাত করা যাচ্ছে না। তাই জমির উর্বরতা রক্ষা ও ক্ষয়রোধ কমাতে কর্তৃপক্ষ এনপিকেএস সার উৎপাদন প্রকল্প হাতে নিয়েছে। প্রকৌশলি জোবায়ের জানান, জানুয়ারি-ফেব্র"য়ারি থেকে প্রাথমিকভাবে ১০ হাজার টন এনপিকেএস সার উৎপাদন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএস/এফআই/এইচএ/১৯০৪ ঘ.