বরগুনা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনায় বাস মালিক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের সংঘর্ষের পর থেকে অভ্যন্তরীণ, কয়েকটি আন্ত:জেলা রুটে বাস ধর্মঘট অব্যাহত রয়েছে।
বাস চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ধর্মঘটে ক্ষুব্ধ সাধারণ মানুষ বৃহস্পতিবার বাস চলাচলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু ও মোটরসাইকেল চালক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রোকনের নেতৃত্ব শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বরগুনা-বেতাগী ও বরগুনা-নিশানবাড়িয়া সড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার বাস মালিক-শ্রমিক এবং মোটরসাইকেল চালকরা পরস্পরের ওপর হামলা চালায়। হামলায় একটি বাস এবং চারটি মোটরসাইকেল ভাঙচুর হয়। আহত হন তিন বাস শ্রমিক এবং ১৩ মোটরসাইকেল চালক।
এই ঘটনার পর অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করে বাস মালিক সমিতি।
বাস মালিক আলমগীর হোসেন বাদী হয়ে বেতাগী থানা মোটরসাইকেল মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদসহ ৩৭ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামালা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।
বরগুনার বাস মালিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমতলী উপজেলার আভ্যন্তরীণ সব রুটেও বৃহস্পতিবার থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা।
বরগুনা বাস মালিক সমিতির কার্যকরী সদস্য শামসুল হক গাজী জানান, ধর্মঘটের কারণে বরগুনার সকল রুটসহ আমতলী-গাজীপুর, আমতলী-নোমরহাট, আমতলী-তালতলী এবং বরগুনা-আমতলী-বরিশালের রুটগুলিতে বাস চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকালে বেতাগীর কাউনিয়া বাজারে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকসহ ছোট যানবাহন চালকরা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন- বরগুনা-২ আসনের জাতীয় সাংসদ গোলাম সবুর, বেতাগী উপজেলা চেয়ারম্যান এ বি এম গোলাম কবির, বেতাগী উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সোবহান প্রমুখ।
জনসাধারণের পক্ষে বাস ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়ে বরগুনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজবুল কবিরের নেতৃত্বে প্রেসক্লাব চত্বরে আরেকটি বিক্ষোভ সমাবেশ হয়।
অপরদিকে দুপুরে বাস মালিকরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এরপর তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু, সাধারণ সম্পাদক ছগির হোসেন, গোলাম আহাদ সোহাগ, শ্রমিক নেতা সাহাবুদ্দিন সাবু প্রমুখ।
বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু জানান, প্রশাসন মোটরসাইকেল বন্ধ করে না দিলে তারা বাস ধর্মঘট প্রত্যাহার করবেন না।
অপরদিকে মোটরসাইকেল চালক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রোকন জানান, বরগুনায় পাঁচ হাজার যুবক মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। মোটরসাইকেল বন্ধ করে দিলে তারা পরিবার নিয়ে দুর্দশার মধ্যে পড়বে।
আমতলী থেকে প্রতিদিন বরগুনায় যাতায়াতকারী ভাস্কর দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস ধমঘটের কারণে রিকশা বা টেম্পোতে করে বরগুনায় যাতায়াত করতে হচ্ছে। এই সুযোগে রিকশা ও টেম্পো ভাড়াও বেড়ে গেছে। এতে প্রতিদিন তার তিনগুণ বেশি ভাড়া গুণতে হচ্ছে।
বৃহস্পতিবার সকালে পরিবারের চার সদস্য নিয়ে তালতলী থেকে আমতলীতে এসেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক পুলিন রায়।
তিনি বলেন, "কালী পূজা উপলক্ষে আত্মীয় বাড়ি আসতে যে ভোগান্তি হয়েছে তা বলে বোঝানো যাবে না। প্রথমে রিকশা ভ্যান, তারপর টমটম এবং শেষে আবার রিকশায় করে আসতে হয়েছে। প্রায় চারগুণ টাকা খরচ হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৩ ঘ.
bdnews24