ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড় তোলা বক্তব্য দিয়ে আলোচনায় থাকা রাজনীতিবিদ আবদুল জলিলের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে বৃহস্পতিবার একটি মামলা হয়েছে।
ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ এ এন এম বশির উল্লাহর আদালতে মামলাটি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সকাল থেকে প্রস্তুতি চললেও দুপুর সোয়া ২টার পর আদালতের আনুষ্ঠানিকতা সেরে মামলাটি দায়ের হয়।
জলিলের বিরুদ্ধে মামলার বাদি হয়েছেন এনবিআরের উপ-কর কমিশনার বজলুর রহমান খান।
মামলার আর্জিতে বলা হয়, জলিল ৫৪ লাখ ৬০ হাজার ২৩৪ টাকার আয়ের তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য ৪ লাখ ৭ হাজার ৪৮৫ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন।
বিকালে এ মামলায় শুনানি হবে বলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আওয়ামী লীগের বিগত কমিটির সাধারণ সম্পাদক জলিল গতমাসে যুক্তরাজ্যে এক সাক্ষাৎকারে দল, সরকার ও দলীয় প্রধান শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে ঝড় তোলেন।
পরে অবশ্য তিনি সে জন্য দুঃখও প্রকাশ করেন। এরপর দেশে ফিরলে তাকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
তবে 'ভারসাম্যহীন' জলিলের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে সাংগঠনিক কোনও ধরনের ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ।
জলিলের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন সংক্রান্ত আরেকটি মামলাও রয়েছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে।
জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ২৮ মে জলিল গ্রেপ্তার হন। ২০০৮ সালের ২ মার্চ প্যারোলে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। ছয় মাস পর ৩১ আগস্ট দেশে ফেরেন।
এরপর দুদকের মামলায় ২০০৮ সালের ২০ অক্টোবর হাইকোর্ট জলিলকে জামিন দেয়। জামিন পাওয়ার পর আদালত চত্বরে বসেই জলিল সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালনের ঘোষণা দিলে এ নিয়ে আওয়ামী লীগের নীতি-নির্ধারকদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়।
কারণ, গ্রেপ্তার অবস্থায় নিজের স্বাক্ষর করা একটি চিঠিতে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জলিল। তখন দলে গণতন্ত্র নেই- অভিযোগ করে এর জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকেও দায়ী করেন তিনি।
কারামুক্তির পর জলিল চিঠির সব বক্তব্য অস্বীকার করেন। এরপর থেকে তাকে দলের পদে রাখা হলেও দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। এমনকি কাউন্সিলের কোনও কাজে তাকে যুক্ত করা হয়নি। ওই ক্ষোভ থেকে গত জুলাইয়ে কাউন্সিলের তিনদিন আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি।
জলিলসহ প্রভাবশালী কয়েকজন নেতাকে এবার মন্ত্রী পদে কিংবা দলের কার্যনির্বাহী সংসদে রাখা হয়নি।
জলিল ২০০২ সালের ডিসেম্বরে দলের ১৯-তম কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। হাসিনা নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারে টেকনোক্রেট হিসেবে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24