২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানা প্রধানদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সম্বোধন না করতে আদেশ জারি

পুলিশের থানা প্রধানদের বাংলায় 'ভারপ্রাপ্ত কর্মকর্তা' সম্বোধন না করার জন্য নির্দেশ দিয়ে একটি আদেশ জারি করা হয়েছে। গত ১২ অক্টোবর পুলিশ সদরদপ্তর থেকে জারি করা ওই আদেশে থানার প্রধানকে ইংরেজিতে 'অফিসার ইন চার্জ' ও বাংলায় 'ওসি' হিসেবে সম্বোধন করতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 06:23 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পুলিশের থানা প্রধানদের বাংলায় 'ভারপ্রাপ্ত কর্মকর্তা' সম্বোধন না করার জন্য নির্দেশ দিয়ে একটি আদেশ জারি করা হয়েছে। গত ১২ অক্টোবর পুলিশ সদরদপ্তর থেকে জারি করা ওই আদেশে থানার প্রধানকে ইংরেজিতে 'অফিসার ইন চার্জ' ও বাংলায় 'ওসি' হিসেবে সম্বোধন করতে বলা হয়েছে। দেশের গণমাধ্যমগুলোতে সাধারণত থানাপ্রধান পদটির ইংরেজি নাম 'অফিসার ইন চার্জ'কে বাংলায় 'ভারপ্রাপ্ত কর্মকর্তা' লেখা হয়ে থাকে। পুলিশ সদরদপ্তরের একজন সহকারী মহা-পরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির প্রস্তাব পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে থানা প্রধানদের ইংরেজিতে অফিসার ইন চার্জ ও বাংলায় 'ভারপ্রাপ্ত কর্মকর্তা' না বলে ওসি হিসেবে সম্বোধন করা হবে।" পুলিশ সদরদপ্তর থেকে গত ১২ অক্টোবর এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে জানিয়ে ঊধ্বর্তন ওই পুলিশ কর্মকর্তা বলেন, "সারা দেশের সব থানাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ চিঠি পৌঁছে দেওয়া হবে।" তিনি জানান, পুলিশ রেগুলেশন্স অব বাংলাদেশ' (পিআরবি) সহ পুলিশ আইনের কোথাও ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে কোন পদ নেই। সব জায়গাতেই এ পদকে অফিসার ইন চার্জ লেখা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এএনএস/এসএইচ/২৩১৫ ঘ.