ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের শিক্ষক ড. মো. হোসেন মনসুরকে এক বছরের জন্য পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি চেয়ারম্যান ছিলেন।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এ নিয়োগ দেওয়া হয়।
এছাড়া একজন অতিরিক্ত সচিব ও নয়জন যুগ্ম সচিব পদে এদিন রদবদল হয়েছে।
এদের মধ্যে ওএসডি অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক পদে নিয়োগ করা হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োজিত যুগ্ম সচিব এওয়াইএম ইকরামুল হককে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে।
এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক এবিএম ওমর ফারুক চৌধুরী, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্প পরিচালক শামছুজ্জামান ভূঁইয়া, পরিসংখ্যান ব্যুরোর পরিচালক এসএম শওকত আলী ও জাতীয় পুষ্টি কার্যক্রমের নির্বাহী পরিচালক বিমান কুমার সাহাকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব সুলতান উল ইসলাম চৌধুরীকে তথ্য মন্ত্রণালয়ে, মইনুল ইসলামকে অর্থ বিভাগে, সেলিনা আফরোজাকে যুগ্ম মন্ত্রণালয়ে ও খন্দকার আতিয়ার রহমানকে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসাবে পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/২১০৮ ঘ.
bdnews24