ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে বুধবার যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে একজন নিহত এবং আটজন আহত হয়েছে। নিহত মোহাম্মদ শামীম একটি বাসের চালক। দুর্ঘটনার পর ঢাকা-মাওয়া সড়কে দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্প এলাকায় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা জেলার কেরানীগঞ্জ জোনের ট্রাফিক পরিদর্শক মশিউর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার দিকে ঢাকাগামী বিআরটিসি'র একটি বাসের সঙ্গে মাওয়াগামী গাঙচিল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাঙচিল পরিবহনের চালক শামীম (৩০) ঘটনাস্থলে মারা যান।"
দুর্ঘটনায় দুই নারীসহ আটজন আহত হয় জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে দুজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন দুজনের এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আসিয়া। বয়স ৬০ বছর। আহত অপরজন অশীতিপর পুরুষ।
পুলিশ কর্মকর্তা মশিউর রহমান বলেন, দুর্ঘটনার পরে ঢাকা-মাওয়া সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত বাস দুটি সরানোর পর দুপুর ১২টা থেকে গাড়ি চলাচল স্বাভাবিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৪৭ ঘ.
bdnews24