কুষ্টিয়া, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর গ্রামে মঙ্গলবার রাতে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরও এক চরমপন্থি নিহত হয়েছে।
নিহত ফরিদ (৪২) নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন গণ মুক্তিফৌজের আঞ্চলিক নেতা এবং স্থানীয় ফরিদ বাহিনীর প্রধান বলে জানান কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সি. এ. হালিম।
ফরিদ উপজেলার আজৈল গ্রামের রাজ্জাক মণ্ডলের ছেলে।
এ নিয়ে কুষ্টিয়ায় গত এক সপ্তাহে পৃথক 'বন্দুকযুদ্ধে' ছয়জন নিহত হলো। সর্বশেষ সোমবার কুমারখালী উপজেলায় নিহত হয় চরমপন্থি দলের সদস্য আজবাহার ওরফে বাহার।
সরকারি হিসেবে গত দেড়মাসে চরমপন্থিদের বিচরণক্ষেত্র বলে পরিচিত জেলাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এ নিয়ে ২৭ জনের মৃত্যু হলো।
পুলিশ কর্মকর্তা সি. এ. হালিম জানান, শোমসপুর গ্রামে একটি ইটভাটার কাছে একদল সশস্ত্র সন্ত্রাসী গোপন বৈঠক করছে খবর পেয়ে র্যাব ও পুলিশ সদস্যরা রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে র্যাব ও পুলিশ পাল্টা গুলি চালায়।
"এক পর্যায়ে ক্রসফায়ারে পড়ে ফরিদ নিহত হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়," বলেন তিনি।
ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি পিস্তল, চার রাউন্ড বন্দুকের গুলি, চারটি হাতবোমা, দুইটি রাম দা ও দুইটি তলোয়ার উদ্ধার করা হয়েছে।
ফরিদের মৃতদেহ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা জানান, ফরিদ রাজবাড়ীর পাংশা উপজেলার একটি হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে কুষ্টিয়ার খোকসা থানায় চারটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০২২ ঘ.
bdnews24