চাঁদপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - "আমার স্বামী পাপ করছে, মানুষ খুন কইরা অনেক বড় পাপ করছে। ওর পাপের প্রায়শ্চিত্ত ওরে করতে অইব। ওর অপরাধের লিগা আমার পোলাপানগো ভবিষ্যৎ নষ্ট অইব এডা আমার জন্য কষ্টের।"
মঙ্গলবার দুপুরে তিন ছেলেসহ ফরিদগঞ্জ থানায় স্বামী রসু খাঁকে দেখতে এসে সাংবাদিকদের এই কথা বলেন রীনা।
১১ নারীকে হত্যাকারী রসুকে গত ৭ অক্টোবর গাজীপুরের টঙ্গীর নিরাশপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদ এবং আদালতে দেওযা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রসু এক এক করে সবগুলো হত্যাকাণ্ডের কাহিনী বর্ণনা করেছেন।
পুলিশের ধারণা রসু অন্যের হয়েও খুন করেছেন। অর্ধ শতাধিক খুনের সঙ্গে তিনি জড়িত বলে পুলিশ সন্দেহ করছে।
প্রথম দফায় তিনদিন জিজ্ঞাসাবাদের পর রসুকে আবারও দুদিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাবাদের অনুমতি দিয়েছে আদালত।
রীনা জানান, স্বামী যে এত বড় খুনি সেটা তার জানা ছিল না। টাকার লোভে এ কাজ করেছে তাও তার বিশ্বাস হয় না।
রীনা বেগম তিন হাজার টাকা বেতনে টঙ্গীতে একটি সোয়েটার কোম্পানিতে চাকরি করেন। স্বামী রসু এক সময় একটি গার্মেন্টেসে চাকরি করলেও পরে তা ছেড়ে দেয়।
তাদের বড় ছেলে রুবেল (১৪) টঙ্গীতে একটি ডাইং প্রতিষ্ঠানে কাজ করে। পাশাপাশি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়ে। দ্বিতীয় ছেলে সোহেল (১০) ছোটবেলায় টাইফয়েডে দু'চোখ হারিয়ে অন্ধ। ছোট ছেলে রাব্বি (৮) টঙ্গীর হামিদিয়া মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র। একমাত্র মেয়ে পপি (৯) চাঁদপুর সদর উপজেলার ঢালীর ঘাটে খালার কাছে থেকে তৃতীয় শ্রেণীতে পড়ে।
রীনা আরও জানান, রসুর হত্যাকাণ্ডের ঘটনা জানাজানির পর থেকে কেউ আর তাদের কাছে আসে না। এমন কি ফ্যান চুরির ঘটনায় যে আইনজীবী তার পক্ষে মামলা চালাতেন তিনিও টাকা ফেরত দিয়ে তার পক্ষে কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
রসু খাঁ নিরপরাধ লোককেও তার অপকর্মের সঙ্গে জড়িয়ে দিচ্ছে বলে দাবি করেছেন রীনা। এমন একজন হলেন তার ননদের ছেলে জহিরুল। পুলিশ জহিরুলকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, "জহিরুল নিরপরাধ। তাকে অন্যায়ভাবে জড়িয়ে দিয়েছে রসু।"
জহিরুল যে নিরপরাধ এটা কিভাবে নিশ্চিত হয়েছেন জানতে চাইলে রীনা কোনো উত্তর দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৭ ঘ.
bdnews24