ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের আয়কর ফাঁকি মামলায় জামিনের আবেদন নাকচ করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক অমর কুমার রায় এ আদেশ দেন। এদিন মামলাটির ধার্য তারিখে মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আগামী ১৫ নভেম্বর এ মামলায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে। মামুনের বিরুদ্ধে দায়ের হওয়া আয়কর ফাঁকির মামলায় বলা হয়, তিনি ইউনিটেক্স অ্যাপারেলসের পরিচালক হিসেবে ২০০০-২০০১ করবর্ষ থেকে ২০০৬-২০০৭ করবর্ষ পর্যন্ত ৫৩ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ২৫৮ টাকার আয় গোপন করে জাতীয় রাজস্ব বোর্ডে মিথ্যা আয়কর রিটার্ন দাখিল করেছেন।
এছাড়া তিনি গোপন করা আয়ের ওপর ১৩ কোটি ৮১ লাখ ১ হাজার ৫২৪ টাকা আয়কর ফাঁকি দেন।
গত ২৬ আগস্ট এবিআর এর উপকর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী বাদি হয়ে মামুনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৭১৯ ঘ.
bdnews24