২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ পৌর মেয়রকে ট্রাক চাপায় হত্যাচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জ পৌর মেয়র ডা. সেলিনা হায়াত আইভিকে সোমবার সকালে শহরের পৌর ভবনের সামনে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 06:31 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ পৌর মেয়র ডা. সেলিনা হায়াত আইভিকে সোমবার সকালে শহরের পৌর ভবনের সামনে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার জের ধরে ট্রাক শ্রমিক ও তাদের সমর্থকদের সঙ্গে পৌরসভার কর্মচারী, পরিচ্ছন্নতাকর্র্মী ও স্থানীয় এলাকাবাসীর কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। আহতরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মকবুল, এসআই এমদাদ, হাবিলদার কবির হোসেন, শাহীন, খোকা, বাবুল, ইব্রাহিম, আব্বাম, সজীব, রানা মুজিব, সোহেল, গফুর, মাহিন, শাহেদ, পাপন, সুলতান, আলামিন, খাইরুল, ইয়াসমিন, খোরশেদ আলম ও ইদু। তাদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া রিপন ও সোলাামানসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে মেয়রের নেতৃত্বে পৌর কাউন্সিলরসহ স্থানীয় জনতা মণ্ডলপাড়া এলাকায় অবরোধ সৃষ্টি করে। সেখানে এক সমাবেশ তিনি জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) বিশ্বাস আফজাল হোসেন ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেনের অপসারণ দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ৯টায় পৌর ভবন থেকে পৌরসভার একটি ট্রাক বের হওয়ার সময় যানজটে আটকা পড়লে পৌরসভার ট্রাকের কর্মীদের সঙ্গে ট্রাক টার্মিনালের লোকজনের ঝগড়া হয়। মেয়র তার গাড়ি নিয়ে অফিসে ঢোকার সময় রাস্তার জটলা দেখে থামেন। এর কিছু পর রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে অবৈধভাবে ট্রাক রাখার অভিযোগে টার্মিনাল থেকে মেয়র ৩টি ট্রাক আটক করে পৌর ভবনের ভেতরে নিয়ে যান এবং ট্রাকটির চালকের সহকারী জসীম ও সবুজকে আটক করে নারায়ণগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন। কিন্তু পৌর মেয়র অভিযোগ করেন, পুলিশ ওই দু'জনকে থানায় না নিয়ে পৌর ভবনের ভেতর একটি কক্ষে আটকে তালাবন্ধ করে উদ্দেশ্যেমূলকভাবে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করা হয়। এতে উত্তেজিত শ্রমিকরা পৌর ভবনে হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পৌরসভার কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে ট্রাক শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে মেয়র ডা. সেলিনা হায়াত আইভির নেতৃত্বে পৌর কাউন্সিলারসহ স্থানীয় জনতা মণ্ডলপাড়া এলাকায় অবরোধ করে। তাদের সঙ্গে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মী, দেওভোগ, নিতাইগঞ্জ, তামাকপট্টি, নলুয়াপাড়াসহ বেশ কয়েকটি এলাকার শতাধিক মানুষ অবস্থান কর্মসূচিতে যোগ দেয়। সমাবেশে মেয়র অবৈধ ট্রাকস্ট্যান্ডের সঙ্গে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের যোগসাজশের অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে এসপি বিশ্বাস আফজাল হোসেন ও নারায়ণগঞ্জ থানার ওসি আকতার হোসেনের অপসারণ ও অবৈধ ট্রাকস্ট্যান্ডের উচ্ছেদের দাবি জানান। তিনি অভিযোগ করেন, তাকে ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করলে কর্মচারী ও জনতা উত্তেজিত হয়ে পড়ে। এদিকে বিকেলে ট্রাক শ্রমিকরা মণ্ডলপাড়া এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে এবং প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। তারা মেয়রের পদত্যাগের দাবি জানিয়ে শহরে ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। বেলা আড়াইটার দিকে পৌর মেয়রের কক্ষে পৌর কাউন্সিলার, ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের মধ্যে বৈঠক বসে। এ সময়ে অবৈধ ট্রাক টার্মিনালের লোকজন পৌরসভা ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। নারায়ণগঞ্জ থানার ওসি আকতার হোসেন উদ্দেশ্যেমূলকভাবে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁদাবাজদের সঙ্গে পুলিশের সখ্যের অভিযোগ সঠিক নয়। এসপি বিশ্বাস আফজাল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে যা করণীয় পুলিশ তাই করেছে। জেলা প্রশাসক মো. সামছুর রহমান জানান, "কোনোক্রমেই উচ্ছৃঙ্খলতা করতে দেওয়া হবে না। আমরা আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেব।" এদিকে নিতাইগঞ্জে ট্রাক না রাখার প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে বিকেলে শ্রমিকরা ট্রাকে ওই এলাকায় বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমবেত হয়। এখানে বক্তব্য রাখেন ট্রাক মালিক সমিতির সভাপতি মতিউল্লাহ মিন্টু, সাধারণ সম্পাদক শফিউদ্দিন প্রধান, আন্ত: জেলা ট্রাক শ্রমিক নেতা মনির হোসেন, ট্রাক শ্রমিক ইউনিয়নে সভাপতি হাজী রিপন। বক্তারা দুই ট্রাক শ্রমিককে পৌরসভায় আটকে রেখে নির্যাতন চালানোর অভিযোগ করেন। তারা পৌর মেয়রের পদত্যাগ দাবি করে নারায়ণগঞ্জে সকল ধরনের ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। হাজী রিপন সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে পৌর মেয়রের পদত্যাগ দাবি করে বলেন, তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ঠিক নয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পৌর ভবনের সামনে নিতাইগঞ্জ হতে মণ্ডলপাড়া পর্যন্ত সড়কে অবৈধ ট্রাকস্ট্যান্ড অপসারণ করে পঞ্চবটি এলাকায় স্থানান্তর করা হয়। গত সংসদ নির্বাচনের পর নিতাইগঞ্জে পৌরসভার রাস্তা দখল করে আবার ট্রাকস্ট্যান্ড গড়ে তোলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০৩০ ঘ.