২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাদপড়াদের ভোটার তালিকাভুক্তিতে 'বিশেষ ব্যবস্থা'

রাজধানী ঢাকায় এখনো তথ্য সংগ্রহ হয়নি এমন নাগরিকদের ভোটার করতে 'বিশেষ উদ্যোগ' নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 06:24 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকায় এখনো তথ্য সংগ্রহ হয়নি এমন নাগরিকদের ভোটার করতে 'বিশেষ উদ্যোগ' নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট থানা নির্বাচন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তারা ভোটার হতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ঢাকা মহানগরীতে ভোটার তালিকা হালনাগাদে ২৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করার সময় নির্ধারিত ছিল। সোমবার থেকে এসব নতুন ভোটারদের ছবি তোলা ও নিবন্ধনের কাজ শুরু হয়েছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত তা চলবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে ঢাকা সিটি কর্পোরেশনে মোট ২ লাখ ২৯ হাজার ৫৮৬ জনের তথ্য সংগ্রহ হয়েছে। হালনাগাদ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যায়নি এমন অভিযোগের বিষয়ে ছহুল হোসাইন বলেন, "এটি আংশিক সত্য হলেও পুরোপুরি সত্য নয়।" ভোটার হতে ঢাকার বাসিন্দাদের আরও সচেতন হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি। এখনো যেসব ভোটারের তথ্য সংগ্রহ করা যায়নি তাদের জন্য ইসি বিশেষ ব্যবস্থা নিয়েছে জানিয়ে ছহুল হোসাইন বলেন, এসব ভোটারদের জন্য বিভিন্ন এলাকায় ভোটার তালিকার কাজে নিয়োজিত কর্মকর্তাদের ফোন নম্বর প্রকাশ করা হবে। বাদ পড়ারা ওই কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। 'বিশেষ ব্যবস্থা'র বিষয়ে ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিটি ভোটার নিবন্ধন কেন্দ্রে নির্ধারিত খাতায় বাদপড়া ভোটারদের ঠিকানা লিখে রাখার ব্যবস্থা থাকবে। সে অনুযায়ী তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে ভোটার করার ব্যবস্থা নিয়ে পরে ঢাকার চারটি সার্ভার স্টেশনে তাদের নিবন্ধন করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এইচএ/২৩৫০ ঘ.