চাঁদপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীতে জাল ফেলা নিয়ে চাঁদপুরের হাইমচর এলাকায় সেমবার দু'দল জেলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এদের মধ্যে বাচ্চু চোকদার (৩৫), অলি সরদার (৩৭), মিজান হালদার (৩৫), গিয়াস উদ্দিন (৫৩), মোস্তফা সরদার (৩০), সাহেব আলী (৪০), মো. হোসেন (২৫), হারন সরকার (৩৫), ইসমাইল বেপারী (৫০), আফজাল মোল্লা (২৫), আল আমিন (২২), বিটু চোকদার (৩০), মনির দেওয়ান (৪০), মনির (৩৫), ইদ্রিস আলী (৩০), হারুন (৪০), বাচ্চু (২৫) ও সাদেক বেপারী (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
শাহাবুদ্দিন মোল্লা নামের এক নৌকা মালিক জানান, রোববার রাতে মেঘনা নদীতে তার লোকজন জাল ফেলতে গেলে মনির দেওয়ানের লোকজন বাধা ও হুমকি ধামকি দেয়। পরদিন সকালে রুহুল আমিন মেম্বারের ছেলে ছাদেক বেপারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী রহুল আমিন মেম্বারের আড়তের কাছে তার জেলেদের ওপর দেশীয় অস্ত্রসহ অর্তকিত হামলা চালায়।
এ সময় তারা ১৪ জেলেকে মারধর করে এবং ১০ লাখ টাকা মূল্যের জাল ও নৌকা, নগদ ৫০ হাজার টাকা ও ১০ হাজার টাকার ইলিশ মাছ মনির দেওয়ান ও রুহুল আমিন মেম্বারের লোকজন ছিনিয়ে নেয় বলে শাহাবুদ্দিন মোল্লা অভিযোগ করেন।
রুহুল আমি মেম্বার বলেন, "সাহাবুদ্দিন মোল্লার লোকজন আমার জেলেদের ওপর হামলা করায় সংঘর্ষ বাধে। আমাদের লোকজন ভয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছে।"
স্থানীয় মৎস্য আড়তদার নজরুল ফকির ও মৎস্যজীবী নেতা মানিক দেওয়ান জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার লক্ষ্যে লুণ্ঠিত মাছ, টাকা, জাল ও নৌকা উদ্ধারের চেষ্টা চলছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে থানায় কোনো মামলা বা কেউ আটক হয়নি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৯ ঘ.
bdnews24