২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দু'দলের সংঘর্ষে আহত ১৫

সিলেটের কানাইঘাট উপজেলা বাজারে সোমবার বিকেলে মাদ্রাসা ছাত্র ও ইউপি সদস্যের সমর্থকের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 03:04 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

সিলেট, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কানাইঘাট উপজেলা বাজারে সোমবার বিকেলে মাদ্রাসা ছাত্র ও ইউপি সদস্যের সমর্থকের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আহমদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামীকে (৪২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান জানান, উপজেলা বাজারে পূর্ব দিঘীরপার ইউনিয়ন পরিষদ সদস্য আজির উদ্দিনের একটি সোবাইল মেরামতের দোকান আছে। ওই দোকানে মোবাইল মেরামত নিয়ে দোকান কর্মচারী কামালের সঙ্গে রোববার বিকেলে বাজারের আহমদিয়া সিনিয়র মাদ্রাসার কয়েকজন ছাত্রের কথা কাটাকাটি হয়। পরে দোকান মালিক আজির উদ্দিন এসে ছাত্রদের নিয়ে কটুক্তি ও গালিগালাজ করেন। এর জের ধরে সোমবার বিকেলে মাদ্রাসার ছাত্ররা বাজারে মিছিল করে এসে দোকানে হামলা চালায়। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ উদ্দিন জানান, পুলিশ পৌঁছার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টির নিস্পত্তির চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৭ ঘ.