২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুতপা'র মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে ঢাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী মাফরুদা হক সুতপার মৃত্যু রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, ১২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী মাফরুদা হক সুতপার মৃত্যু রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে তারা এ দাবি জানান। গত ১৯ সেপ্টেম্বর মিরপুরে স্বামীর বাড়িতে সুতপার মৃত্যু হয়। মানববন্ধন কর্মসূচি পালনকালে বিভাগের সহকারী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী বলেন, "পারিবারিক নির্যাতনে সুতপাকে হত্যা করা হয়েছে। অপরাধীরা এখন এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।" পুলিশের একটি অংশ অপরাধীদের পক্ষ নিয়েছে অভিযোগ করে তিনি আরো বলেন, "তারা এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সক্রিয় সুতপার বন্ধুদের ফোনে বা মোবাইলে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। পুলিশের কিছু জানার থাকলে তারা সরাসরি বিভাগে এসে সুতপার বন্ধুদের সঙ্গে কথা বলতে পারে।" সুতপার বড় বোন আয়েশা সিদ্দিকা বলেন, "আমরা সুতপার মৃত্যু রহস্য উদঘাটনে যাতে নির্যাতনের আলামত নষ্ট না হয় সেজন্য তার রুমটি সিল করে দেওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু পুলিশ তা করেনি। এমনকি মামলার স্বার্থে প্রধান আসামিদেরকেও গ্রেপ্তার করেনি পুলিশ।" তিনি সুতপার স্বামীর বিরুদ্ধে যৌতুক চাওয়ার অভিযোগ এনে বলেন, "সুতপার স্বামী ফার্নিচার চেয়েছিল। আমরা বলেছিলাম, এগুলো আমরা এমনিতেই দেবো। কিন্তু দেরি তার সহ্য হয়নি। তাই সে সুতপার উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছিল। আমাদের ক্যামেরায় সেই ছবি আছে।" সুতপার সহপাঠী ইব্রাহিম বিন হারুন বলেন, "পুলিশের প্রাথমিক রিপোর্ট ও ময়না তদন্ত রিপোর্ট দুইরকম তথ্য দিয়েছে। আমরা চাই প্রকৃত অপরাধীদের শাস্তি হোক।" মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গীতি আরা নাসরিন, অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক মফিজুর রহমান ও ড. কাবেরী গায়েন প্রমুখ। মানববন্ধনে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংহতি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২০৪৬ ঘ.