২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় গয়েশ্বর জেলে

অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার তার জামিন আবেদন নাকচ করে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ এ এন এম বশির উল্লাহ এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 07:01 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার তার জামিন আবেদন নাকচ করে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ এ এন এম বশির উল্লাহ এ আদেশ দেন। জামিন আবেদনের শুনানি শেষে রায়ে তিনি বলেন, "যেহেতু গত ১৬ আগস্ট হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিয়া ও বিচারপতি মো. আব্দুর রাজ্জাক ৮ সপ্তাহের মধ্যে তাকে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে বলেছিল। কিন্তু অভিযুক্ত ৮ সপ্তাহ পার হওয়ার একদিন পরে আজ (সোমবার) আত্মসমর্পণ করেছেন। তাই হাইকোর্টের ওই আদেশকে নিু আদালত হিসেবে মান্য করার জন্য তার জামিন আবেদন নাকচ করা হলো।" গয়েশ্বরের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া প্রমুখ। জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে শুনানি করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। তিনি বলেন, "গয়েশ্বর ওই পরিমাণ টাকার সম্পদ শুধু অবৈধভাবে অর্জনই করেননি বরং সম্পদের উৎসও গোপন করেছেন। অথচ আমাদের কাছে পরিষ্কার ও অভিযোগপত্রে উল্লেখ আছে, তিনি কিভাবে ওই সম্পদ অর্জন করেছেন।" এর আগে সকালে ঢাকার ৩ নং বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব। শুনানি শেষে কোনো রায় না দিয়ে এ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন মামলার নথি ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ এ এন এম বশির উল্লাহ'র আদালতে পাঠান। জামিন আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আব্দুস সালাম বলেন, "গয়েশ্বর হাইকোর্টের আদেশ অবহেলা করেছেন। তিনি হাইকোর্টের আদেশ মতো আদালতে আসেননি।" গয়েশ্বরের আইনজীবী নিতাই রায় চৌধুরী বলেন, "আমরা হাইকোর্টের নির্দেশ অবহেলা করিনি। হাইকোর্টের নির্দেশ পালন করে আদালতে এসেছি।" শুনানি শেষে বিচারক বলেন, "হাইকোর্ট ৮ সপ্তাহের মধ্যে গয়েশ্বরকে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পন করতে বলেছিল।" এরপর তিনি মামলার নথি ওই আদালতে পাঠান। ২ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও এর তথ্য গোপনের অভিযোগে গত ৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদকের) উপ পরিচালক এস এম মখিদুল ইসলাম রমনা থানায় মামলাটি করেন। গত ৯ মার্চ গয়েশ্বর হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন চাইলে হাইকোর্ট তাকে এ মামলার অভিযোগপত্র দাখিল করা পর্যন্ত অন্তর্তীকালীন আগাম জামিন মঞ্জুর করে। এরপর ৫ জুলাই এ মামলার অভিযোগ পত্র দাখিল করা হয়। গত ১৬ আগস্ট তার আইনজীবীরা আগের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে হাইকোর্ট ৮ সপ্তাহের মধ্যে এ বিশেষ জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/জিএনএ/১৫৫০ঘ.